Dhokar Dalna by Mocha

ঘণ্টও নয়, কোপ্তাও নয়, মোচা দিয়ে ‘ধোঁকা’-ও দিতে পারেন অতিথিকে, প্রণালীও বেশ সহজ

সব্জিতে বদল না হলেও, একঘেয়ে রান্না খেতে না চাইলে বদল আনা যায় রন্ধনপ্রণালীতেই। বানিয়ে ফেলুন মোচা দিয়ে ধোঁকার ডালনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৯:৩১
Share:

মোচা দিয়ে ধোঁকা ডালনা! ছবি: সংগৃহীত।

সব্জিতে বদল না হলেও, একঘেয়ে রান্না খেতে না চাইলে বদল আনা যায় রন্ধনপ্রণালীতেই। মোচা, থোড়, কাঁচকলা, এঁচোড়— মনে হতেই পারে সব খাবারই দু’দিন অন্তর খাওয়া হচ্ছে। এতে নতুন স্বাদ আর কী জুড়বে! তবে উপকরণ আর রন্ধনপ্রণালীতে সামান্য বদল আনলেই স্বাদ যাবে পাল্টে। মোচা দিয়ে কোপ্তা, ঘন্ট প্রায়ই খাওয়া হয়। এবার বানিয়ে ফেলুন মোচার ধোঁকা।

Advertisement

উপকরণ

১ কাপ ছোলার ডাল

Advertisement

আধ কাপ মটর ডাল

একটি ছোট মোচা

Advertisement

২-৩টি তেজপাতা

১-২টি ছোট এলাচ

১ টুকরো দারচিনি

১ ইঞ্চি আদা কুচি

১ চা-চামচ হিং

১ টেবিল চামচ হলুদ

১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো

৪-৫টি কাঁচালঙ্কা

১ চা-চামচ জিরেগুঁড়ো

১ চা-চামচ ধনেগুঁড়ো

একটি মাঝারি আকারের টম্যাটো

স্বাদমতো নুন, চিনি

প্রণালী: ডাল ভিজিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। মোচা ভাপিয়ে জল ঝরিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে হিং দিন। যোগ করুন সামান্য হলুদ গুঁড়ো। ডাল এবং মোচা বাটা, স্বাদমতো নুন দিয়ে নাড়তে থাকুন, যত ক্ষণ না তা ঘন হয়ে যাচ্ছে। হালকা গরম থাকা অবস্থায় সেই মণ্ডটি তেল মাখানো থালায় ছড়িয়ে দিন। ঠান্ডা হলে ফ্রিজে ভরুন ২০ মিনিট। তার পরে চৌকো বা বরফি আকারে কেটে নিন। এগুলিকে ছাঁকা তেলে উল্টে-পাল্টে ভেজে নিতে হবে।

কড়াইয়ে তেল দিয়ে গরমমশলা, তেজপাতা ফোড়ন দিন। যোগ করুন একটু হিং আর আদাবাটা। দিয়ে দিন টম্যাটোকুচি। নুন-হলুদ দিয়ে কষান, যত ক্ষণ না টম্যাটো গলছে। দিয়ে দিন ধনে এবং জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। চেরা কাঁচালঙ্কা দিয়ে হালকা কষিয়ে গরম জল ঢেলে দিন। ঝোল ফুটে এলে দিয়ে দিন স্বাদমতো চিনি এবং ধোঁকা। ধোঁকা জল টেনে নেয়। তাই একটু ঝোল থাকা অবস্থায় তা নামাতে হবে। ভাত, রুটি, পরোটা— যে কোনও খাবারের সঙ্গে মোচার ধোঁকা দারুণ খেতে লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement