অমলেটের মতো দেখতে হলেও, অমলেট নয়। সয়াবিন দিয়ে কী ভাবে বানাবেন নিরামিষ ডিমের ঝোল। ছবি: সংগৃহীত।
নিরামিষ খাওয়ার দিনগুলিতে বাড়ির গৃহিণীদের রীতিমতো চিন্তায় পড়তে হয়, রান্নায় কী হবে? মাছ, মাংস বা ডিম থাকলে চট করে খেয়ে নেয় ছোট থেকে বড় সকলেই। কিন্তু সব্জি খেতে হলেই যত আপত্তি!
ছোটরা বুঝতে পারবে না। বলে না দিলে বড়রাও ধোঁকা খেয়ে যেতে পারে। বানিয়ে ফেলুন সয়াবিনের নিরামিষ অমলেট কারি। ডিমের অমলেট করে কেটে ঝোলে ফুটিয়ে যে রান্না হয়, সেটি করতে হবে। তবে নিরামিষ উপকরণে।
উপকরণ
১০০-১২০ গ্রাম সয়াবিন
২টি মাঝারি আলু সেদ্ধ
৪-৫টি সাধারণ পাঁপড়
দেড় ইঞ্চি আদা কুচি
৪-৫টি কাঁচালঙ্কা
একমুঠো ধনেপাতা
২টি বড় টম্যাটো
১ টেবিল চামচ গোটা জিরে
১টি তেজপাতা
১ চা চামচ হলুদ
১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
স্বাদমতো নুন, চিনি
পরিমাণমতো সর্ষের তেল
প্রণালী: সয়াবিন নুন জলে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। আলু সেদ্ধ করে চটকে নিন। টম্যাটো, আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা মিক্সারে ঘুরিয়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে দিন আধ চা-চামচ জিরে ফোড়ন। মশলার অর্ধেকটা যোগ করুন। তার পরে সয়াবিন এবং সেদ্ধ আলু দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিন। দিয়ে দিন স্বাদমতো নুন। এবার সমস্ত উপকরণ মিক্সারে ঘুরিয়ে নিন।
পাঁপড় জলে ডুবিয়ে জল ঝরিয়ে নিন। সয়াবিনের পুর ভরে চার চৌকো করে মুড়ে নিন যাতে দেখলে অমলেটের কাটা টুকরো মনে হয়। এ বার সর্ষের তেলে উল্টে-পাল্টে সেগুলি ভেজে নিতে হবে।
কড়াইয়ে তেল দিয়ে জিরে এবং তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। টম্যাটো-আদা বাঁটা যোগ করুন। হলুদ-নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে কিছুটা গরম জল দিয়ে আঁচ কমিয়ে ফোটান। এর মধ্যে সয়াবিনের অমলটে দিয়ে আরও ৫ মিনিট আঁচ কমিয়ে রান্না করুন। তা হলেই তৈরি হয়ে যাবে নিরামিষ অমলেট। উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। একনজর দেখলে কেউ বুঝতেই পারবে না এগুলি ডিমের অমলেট নয়।