IPL 2026

টি-টোয়েন্টিতে ২০০ করতে চায় বৈভব, ভেঙে দিতে চায় ক্রিস গেলের নজির, কী ভাবে সম্ভব, তা-ও ব্যাখ্যা করল ১৫ বছরের ক্রিকেটার

নিজের নতুন লক্ষ্যের কথা প্রকাশ্যে আনল বৈভব। জানাল, টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ করতে চায় সে। ভেঙে দিতে চায় ক্রিস গেলের নজির। কী ভাবে করবে সেই রাস্তাও বাতলে দিয়েছে ১৫ বছরের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৮:৩০
Share:

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

এক দিনের ক্রিকেটে এখনও ২০০ রান করতে পারেনি বৈভব সূর্যবংশী। যদিও সেই লক্ষ্যের কথা আগেই জানিয়েছিল সে। এ বার নতুন লক্ষ্যের কথা প্রকাশ্যে আনল বৈভব। জানাল, টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ করতে চায় সে। ভেঙে দিতে চায় ক্রিস গেলের নজির। কী ভাবে করবে সেই রাস্তাও বাতলে দিয়েছে ১৫ বছরের ক্রিকেটার।

Advertisement

চলতি আইপিএলে ফর্মে রয়েছে বৈভব। ইতিমধ্যেই ৫৮৩ রান করে ফেলেছে। ভবিষ্যতে গেলের নজির ভেঙে দিতে চায় সে। কেভিন পিটারসেনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অর্ধশতরান করে কি খুশি হয় সে? বৈভব বলেছেন, “না, খুব একটা না।”

এর পরেই নিজের লক্ষ্যের কথা স্পষ্ট করেছে। বলেছেন, “আমি চাই টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ রান করতে। গেলের রেকর্ড ভেঙে দিয়ে ২০০ পার করতে চাই।” এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রান গেলের। বেঙ্গালুরুর হয়ে তৎকালীন পুণের বিরুদ্ধে ২০১৩-র আইপিএলে ১৭৫ রান করেছিলেন গেল। এক দশক পেরিয়ে গেলেও এখনও সেটাই নজির।

Advertisement

কিন্তু ১২০ বলের খেলায় কী ভাবে একজন ব্যাটার ২০০ রান করতে পারবে? বৈভবের কথায়, “যদি আমি কোনও ম্যাচে পুরো ২০ ওভার খেলতে পারি, তা হলেই ১৭৫ রানের রেকর্ড ভেঙে দিতে পারব।”

কখনও কি মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকলে চিন্তা হয়? পিটারসেনের প্রশ্নের উত্তরে বৈভবের সপাটে জবাব, “একেবারেই নয়। আমি সব সময় নিজের মতো করে স্বাভাবিক খেলার চেষ্টা করি।”

বৈভবকে পিটারসেন জিজ্ঞাসা করেন, তাঁর খেলা সবচেয়ে লম্বা ইনিংস কোনটি? বৈভবের উত্তর, “আমি এক বার রাজ্য দলের হয়ে একটি ম্যাচ খেলেছিলাম। সেই ম্যাচে পুরো ৫০ ওভার খেলেছিলাম। ৩৩৫ রানে অপরাজিত ছিলাম।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement