IPL 2026

কোহলি-শুভমন নয়, আইপিএলের ট্রফি উঠবে বিদেশি অধিনায়কের হাতে, বিদায়ের পর ভবিষ্যদ্বাণী দিল্লির অক্ষরের

রবিবারই আইপিএল থেকে বিদায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ইডেনে কলকাতাকে হারিয়েও লাভ হয়নি। প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর দিল্লির অধিনায়ক জানিয়ে দিয়েছেন, ট্রফি কার হাতে দেখতে চান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৭:২৫
Share:

অক্ষর পটেল। ছবি: পিটিআই।

রবিবারই আইপিএল থেকে বিদায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ইডেনে কলকাতাকে হারিয়েও লাভ হয়নি। প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর দিল্লির অধিনায়ক জানিয়ে দিয়েছেন, ট্রফি কার হাতে দেখতে চান। বিরাট কোহলি বা শুভমন গিলের দলকে বেছে নেননি তিনি। অক্ষরের মতে, ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ।

Advertisement

বেঙ্গালুরু, গুজরাত এবং হায়দরাবাদ তিন দলই ১৮ পয়েন্টে শেষ করেছে। কিন্তু রান রেটের কারণে হায়দরাবাদ তিনে শেষ করেছে। তবু সেই দলের হাতেই ট্রফি দেখছেন অক্ষর। বলেছেন, “হায়দরাবাদ খুবই শক্তিশালী দল। ওদের প্রথম তিন জন ব্যাটার রান করলে বাকি দলের পক্ষে টক্কর দেওয়া মুশকিল।”

ঘটনাচক্রে, হায়দরাবাদের প্রথম চার জনের মধ্যে তিন জন চলতি মরসুমে ৫০০-র উপর রান করে ফেলেছেন। হাইনরিখ ক্লাসেন ৬০৬ রান করেছেন। এর পর ঈশান কিশন (৫৬৯) এবং অভিষেক শর্মা (৫৬৩) রয়েছেন। এই তিন জনের ব্যাটিংয়ের কারণেই হায়দরাবাদ প্লে-অফ নিশ্চিত করেছে।

Advertisement

দিল্লির যাত্রা নিয়েও মুখ খুলেছেন অক্ষর। তাঁর মতে, গুরুত্বপূর্ণ মুহূর্ত কাজে লাগাতে না পারার কারণেই হারতে হয়েছে। অক্ষর বলেছেন, “আমাদের ভুল স্বীকার করতেই হবে। ভাবনাচিন্তা করে দেখতে হবে, আর কী কী ভাল করা যেত। তবে মোটের উপর আমরা ভালই ক্রিকেট খেলেছি। দু’-একটা ম্যাচে আসল মুহূর্তগুলো কাজে লাগাতে পারলে নিজেদের অন্য জায়গায় দেখতে পেতাম।”

দল ছিটকে গেলেও নিজের নেতৃত্বে খুশি অক্ষর। বলেছেন, “আমি অনেক কিছু শিখেছি। সকলের খেয়াল রেখেছি। মানসিক ভাবে ঠিকঠাক জায়গায় থাকতে পেরেছি। না হলে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম। নিজেকে শান্ত রেখেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement