Easy Dumpling Recipe

মাংসের বলের উপর চাদরের আস্তরণ! হাতে ১৫ মিনিট সময় থাকলেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর চিকেন ডাম্পলিং

বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ডাম্পলিং। বানাতে খুব বেশি ঝক্কি পোহাতে হবে না। জানতে হবে না ডাম্পলিং ভাঁজ করার কায়দা। লাগবে কেবল একখানি চাদরের আস্তরণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৮:৪৯
Share:

ডাম্পলিং বানিয়ে ফেলুন ঝক্কি ছাড়াই। ছবি: সংগৃহীত।

চিনের এই খাবারের বাইরের আস্তরণ তৈরি হয় গমের আটা দিয়ে। সঙ্গে কেবল জল আর নুন । ডাম্পলিং যেমন ভাপে বানানো হয়, তেমনই প্যান ফ্রাইং, বেকিং ইত্যাদি পদ্ধতিতেও তৈরি করা হয়। পুর হিসেবে দেওয়া হয় মাছ, চিকেন, পর্ক, রকমারি সব্জি বা চিজ়। ডিম সাম এবং মোমোর থেকেও বেশি নরম হয় ডাম্পলিংয়ের বাইরের আস্তরণ। এটি নানা রকম আকার, আকৃতির হতে পারে। কোনও নির্দিষ্ট নিয়ম নেই ডাম্পলিংয়ের ক্ষেত্রে। বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ডাম্পলিং। বানাতে খুব বেশি ঝক্কি পোহাতে হবে না। জানতে হবে না ডাম্পলিং ভাঁজ করার কায়দা। লাগবে কেবল একখানি চাদরের আস্তরণ।

Advertisement

উপকরণ:

৫০০ গ্রাম মুরগির কিমা

Advertisement

১ চা চামচ আদাকুচি

২ টেবিল চামচ রসুনকুচি

Advertisement

৪-৫ টেবিল চামচ পেঁয়াজশাক কুচোনো

স্বাদমতো নুন

১ টেবিল চামচ গোলমরিচগুঁড়ো

৪ টেবিল চামচ সয়া সস্

আধ চা চামচ আজিনোমোটো

৪টি রাইস পেপার শিট

১ টেবিল চামচ সুইট চিলি সস্

১ টেবিল চামচ চিলি অয়েল

পরিমাণ মতো সাদা তেল

প্রণালী

মুরগির কিমা মিক্সিতে ঘুরিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন। একটি বড় পাত্রে মুরগির কিমা, আদাকুচি, রসুনকুচি, কুচোনো পেঁয়াজশাক, নুন, গোলমরিচগুঁড়ো, সয়া সস্ আর আজিনোমোটো মিশিয়ে নিন। এ বার একটি ফ্রায়িং প্যানে সামান্য তেল গরম করে নিন। বানিয়ে রাখা কিমার মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে ফ্রায়িং প্যানের উপর ছড়িয়ে রাখুন। প্যানটি পাঁচ মিনিট ঢেকে রাখুন। এ বার গোল রাইস শিটগুলি মাঝ বরাবর কেটে দু’টুকরো করে নিন। পেপারগুলি অল্প জলে ভিজিয়ে বলগুলি ঢেকে দিন ঠিক চাদরের মতো করে। এ বার বাটিতে সয়া সস্, চিলি অয়েল, সুইট চিলি সস্, রসুনকুচি, পেঁয়াজশাক কুচোনো ভাল করে মিশিয়ে একটি সস্ বানিয়ে নিন। ডাম্পলিংগুলির উপর ছড়িয়ে দিন সেই সস্। প্যানটি ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচেক রান্ন করুন। গরম গরম পরিবেশন করুন চিকেন ডাম্পলিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement