Virat Kohli And Anuskha Sharma watch Dhurandhar 2

আইপিএলের মাঝেই ‘ধুরন্ধর’-এ মজে বিরুষ্কা! দুই তারকাকে বার্তা পরিচালক আদিত্য ধরের

আইপিএল চলাকালীনই ‘ধুরন্ধর ২’ দেখে ফেলেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সমাজমাধ্যমে নিজেদের মত জানিয়েছেন তাঁরা। পাল্টা বার্তা দিয়েছেন ছবির পরিচালক আদিত্য ধর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৪:৩১
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) ও অনুষ্কা শর্মা। —ফাইল চিত্র।

‘ধুরন্ধর ২’-এর উত্তাপ গায়ে মেখে ফেলেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আইপিএলের মাঝেই দেখে ফেলেছেন ভারতীয় সিনেমার ইতিহাসে বাণিজ্যিক ভাবে সবচেয়ে সফল ছবি। নিজেদের মতও জানিয়েছেন তাঁরা। ছবির কলাকুশলী থেকে শুরু করে পরিচালক আদিত্য ধরের প্রশংসা করেছেন বিরুষ্কা। তাঁদের পাল্টা বার্তা দিয়েছেন আদিত্য।

Advertisement

‘ধুরন্ধর ২’ দেখে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মতামত দিয়েছেন কোহলি। তিনি লিখেছেন, “আজ ছবিটা দেখলাম। ভারতে তৈরি কোনও ছবিতে এই অভিজ্ঞতা আগে হয়নি। প্রতিটা আবেগ ধরা পড়েছে। ৪ ঘণ্টা ধরে চোখের পাতা ফেলতে পারিনি। এই ছবিতে আদিত্য ধরের প্রতিভা ও বিশ্বাস ধরা পড়েছে। আপনাকে কুর্নিশ। আপনি অসাধরণ।”

শুধু পরিচালক নন, ছবির অভিনেতাদেরও প্রশংসা করেছেন কোহলি। বিশেষ করে রণবীর সিংহের নাম করেছেন তিনি। কোহলি লিখেছেন, “প্রত্যেক অভিনেতা তাঁদের চরিত্রের প্রতি সুবিচার করেছেন। কিন্তু রণবীর, আপনি এই ছবির পর অন্য উচ্চতায় চলে গিয়েছেন। আপনার অভিনয় দুর্দান্ত।”

Advertisement

কোহলির কাছে যে এই প্রশংসা পাবেন তা ভাবতে পারেননি আদিত্য। ছবির পরিচালক জবাবে লেখেন, “ভাবতে পারছি না এটা হয়েছে। বিরাট, আপনার এই কথার গুরুত্ব অনেক বেশি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় থেকে আমি আপনার ভক্ত। আপনার মতো ক্রিকেটার প্রজন্মে একজনই হয়। আপনি যে এই ছবি ভালবেসেছেন, তার মূল্য আমার কাছে অনেক। যে ভাবে আপনি যত বার মাঠে নামেন, তত বার আমাদের অনুপ্রাণিত করেন, ঠিক সেই ভাবেই আমরাও সকলকে আনন্দ দেওযার চেষ্টা করছি। জয় হিন্দ।”

আদিত্যের ছবির প্রশংসা শোনা গিয়েছে অনুষ্কার মুখেও। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আদিত্য, কী সুন্দর একটা ছবি বানিয়েছেন। ৪ ঘণ্টার একটা ছবি তৈরি করতে বিশ্বাস লাগে। এই ছবির দিক থেকে চোখ ফেরানো অসম্ভব। আপনি সত্যিই খুব আত্মবিশ্বাসী। আপনার কাজ বাকিদের থেকে আলাদা।”

Advertisement

রণবীরের বলিউডে পদার্পণ হয়েছিল অনুষ্কার হাত ধরেই। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিনয় করেছিলেন দু’জনে। পরে ‘দিল ধড়কনে দো’ ছবিতেও ছিলেন দু’জনে। একটা সময় রণবীরের সঙ্গে অনুষ্কার সম্পর্কের জল্পনাও চলেছিল। সেই অভিনেতার অভিনয়ে মুগ্ধ অনুষ্কা লিখেছেন, “রণবীর, এই ধরনের চরিত্র কেরিয়ারে এক বারই পাওয়া যায়। তুমি সেই সুযোগ কাজে লাগিয়ে অনবদ্য অভিনয় করেছো। আর মাধবন স্যর, অর্জুন রামপাল স্যর, রাকেশ বেদী স্যর-সহ প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছেন। আপনাদের একজনকে ছাড়াও এই ছবি হত না। সকলকে শুভেচ্ছা।”

অনুষ্কাকেও পাল্টা ধন্যবাদ দিয়েছেন আদিত্য। তিনি লিখেছেন, “আপনার মতো এ রকম প্রতিভার থেকে এই প্রশংসার মূল্য খুব বেশি। অনেক ধন্যবাদ। এই ধরনের প্রশংসা আরও অনুপ্রেরণা জোগায়। সততার সঙ্গে হৃদয় দিয়ে একটা ভাল উদ্দেশ্যে আরও ছবি করতে ইচ্ছা করে, যা মানুষকে নাড়িয়ে দিতে পারে।”

‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার পর থেকে বহু খ্যাতনামী আদিত্য, রণবীর-সহ সকলের প্রশংসা করেছেন। তাঁদের অনেককে পাল্টা বার্তা দিয়েছেন আদিত্য। এ বার সেই তালিকায় যুক্ত হলেন বিরুষ্কা। হিন্দি ছবির ইতিহাসে সবচেয়ে সফল ছবি দেখে তাঁরাও মুগ্ধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement