জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।
দুঃস্বপ্ন ভুলে আবার ফর্মে ফিরতে চান জসপ্রীত বুমরাহ। জাতীয় দলের জার্সি গায়ে ছন্দ ফিরে পেতে মরিয়া তিনি। সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় পেসার। সামনে ইংল্যান্ডের মাটিতে ভারতের এক দিনের সিরিজ় রয়েছে। সেই সিরিজ়ের জন্য নিজেকে তৈরি করছেন বুমরাহ।
১৪ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে নামবে ভারত। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট এবং আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। একেবারে ৫০ ওভারের ক্রিকেটে দলে ফিরবেন তিনি। তার পর অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্ট সিরিজ় রয়েছে ভারতের। এশিয়ান গেমসের দলেও রয়েছেন বুমরাহ। তার আগে নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন তিনি।
ইনস্টাগ্রামে নিজের কয়েকটি ছবি দিয়েছেন বুমরাহ। সেখানে দেখা যাচ্ছে, বল করছেন তিনি। এখনও ইংল্যান্ডে যাননি বুমরাহ। টি-টোয়েন্টি সিরিজ় শেষ হওয়ার আগে সেখানে হয়তো পৌঁছে যাবেন বুমরাহ। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলের মতো এক দিনের দলের বাকি ক্রিকেটারেরাও তার মধ্যে যোগ দেবেন দলে।
আইপিএলে জঘন্যতম মরসুম গিয়েছে বুমরাহের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ম্যাচে ১০২.৫০ গড়ে ও ৮.৩৬ ইকোনমিতে মাত্র ৪ উইকেট নিয়েছেন তিনি। মুম্বই যে প্লে-অফে উঠতে পারেনি তার দায় খানিকটা হলেও বুমরাহের। তাঁর অনেক সমালোচনা হয়েছে। সেই সব সমালোচনার জবাব দিতে চাইছেন তিনি।
প্রায় তিন বছর পর আবার এক দিনের ক্রিকেটে ফিরতে চলেছেন বুমরাহ। শেষ বার ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন বুমরাহ। ৯৬৮ দিন পর আবার ৫০ ওভারের ক্রিকেটে দেখা যাবে তাঁকে।
তবে মাঝে টি-টোয়েন্টিতে নজর কেড়েছেন তিনি। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে যুগ্ম ভাবে সর্বাধিক উইকেটের মালিক হয়েছেন। মাত্র ৬.২১ ইকোনমি ও ১২.৪২ গড়ে বল করেছেন তিনি। ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু তার পরেই আইপিএলে ছন্দ হারিয়েছেন ভারতের সেরা বোলার। সেই ছন্দ ফিরে পেতে মরিয়া তিনি।