Rajiv Shukla on Vaibhav Sooryavanshi

বৈভবের অভিষেকে ইচ্ছা করে দেরি করেছেন গম্ভীরেরা! সূর্যবংশী প্রথম ম্যাচ খেলার পর জবাব ভারতীয় বোর্ডের সহ-সভাপতির

অবশেষে ভারতের বড়দের দলে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। তার অভিষেকে দেরি হয়েছে বলে গৌতম গম্ভীরদের সমালোচনা করেছেন অনেকে। তারই জবাব দিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ২১:৩৯
Share:

অভিষেকের পর বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী, রবিচন্দ্রন অশ্বিনেরা বার বার বৈভব সূর্যবংশীর অভিষেকের দাবি করছিলেন। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছে ১৫ বছরের ক্রিকেটারের। তবু তার অভিষেকে দেরি হয়েছে বলে গৌতম গম্ভীরদের সমালোচনা করেছেন অনেকে। বৈভবর অভিষেকের পর তার জবাব দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল।

Advertisement

বৈভবের অভিষেকে দেরি হওয়ার যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়েছেন রাজীব। তাঁর মতে, সঠিক সময়েই বৈভবকে সুযোগ দেওয়া হয়েছে। সংবাদসংস্থা এএনআই-কে রাজীব বলেন, “বৈভবের অভিষেকের জন্য ওকে অনেক শুভেচ্ছা জানাই। বিসিসিআই কারও প্রতি অন্যায় করে না। যে যোগ্য তাকে সুযোগ দেওয়া হয়। সমাজমাধ্যমে অনেক কথা হচ্ছিল যে বৈভবকে সুযোগ দেওয়া হচ্ছে না। লোকে অধিনায়ক ও কোচের সমালোচনা করছিল। এটা ঠিক নয়।”

রাজীবের মতে সঠিক সময়েই বৈভবকে সুযোগ দেওয়া হয়েছে। তাঁর আশা বৈভব সেই সুযোগ কাজে লাগাবে। রাজীব বলেন, “আমি আগেই বলেছিলাম, সঠিক সময়ে বৈভব সুযোগ পাবে। সেটাই হয়েছে। আমি বিশ্বাস করি ও ভবিষ্যতে ভাল খেলে নিজের যোগ্যতায় দলে জায়গা পাকা করবে। ভারতীয় ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাই।”

Advertisement

আয়ারল্যান্ড সিরিজ়ে বৈভবকে সুযোগ না দেওয়ায় গম্ভীরদের সমালোচনা করেছিলেন গাওস্কর, শাস্ত্রী, অশ্বিনেরা। তাঁদের দাবি ছিল, এখন না দিলে বৈভবকে আর কবে সুযোগ দেবেন গম্ভীর। সেই সুযোগ অবশেষে পেয়েছে বৈভব। কিন্তু প্রথম ম্যাচে ১০ বলে ১৪ রান করে আউট হয়েছে সে। তার মধ্যেই দু’টি বিশাল ছক্কা মেরেছে বৈভব।

মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে ভারতের বড়দের দলে অভিষেক হয়েছে বৈভবের। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ভারতীয় দলে অভিষেকের রেকর্ড গড়েছে বিহারের ছেলে। তাকে সঠিক সময়ে সুযোগ দেওয়া হয়েছে বলেই দাবি করেছেন রাজীব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement