Sandpaper Gate

শিরিষ কাগজ কাণ্ডের আট বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া, প্রোটিয়াদের দেশে যাবে বাংলাদেশও, প্রকাশিত সূচি

আট বছর আগে বিশ্ব ক্রিকেট উত্তাল হয়েছিল শিরিষ কাগজ কাণ্ড বা ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে। সেই ঘটনার পর প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সম্প্রতি সূচি প্রকাশ্যে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫২
Share:

কেপ টাউন টেস্টের সেই মুহূর্ত। আম্পায়ারের সঙ্গে কথা বলছেন ব্যানক্রফট (বাঁ দিকে) এবং স্মিথ। — ফাইল চিত্র।

আট বছর আগে বিশ্ব ক্রিকেট উত্তাল হয়েছিল শিরিষ কাগজ কাণ্ড বা ‘স্যান্ডপেপার গেট’ নিয়ে। তার জেরে নির্বাসিত হতে হয়েছিল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে। সেই ঘটনার পর প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। সম্প্রতি সূচি প্রকাশ্যে এসেছে। অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশ এবং ইংল্যান্ড একাধিক ফরম্যাটের সিরিজ় খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে। উল্লেখ্য, গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকেই হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

Advertisement

২০১৮-য় কেপ টাউন টেস্ট চলাকালীন পকেটে থাকা শিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করতে দেখা গিয়েছিল ব্যানক্রফটকে। সেই ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। তার পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল বিকৃতি এবং প্রতারণার অভিযোগ ওঠে। পরে জানা যায়, সেই ঘটনার প্রত্যক্ষ মদত ছিল তৎকালীন অধিনায়ক স্মিথ এবং সহ-অধিনায়ক ওয়ার্নারের। ওই টেস্টে সাজঘরে ফেরার সময় কুইন্টন ডি ককের সঙ্গে হাতাহাতিতেও জড়ান ওয়ার্নার।

দেশে ফেরার পর তদন্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ এবং ওয়ার্নারকে এক বছর করে নির্বাসিত করা হয়। ব্যানক্রফটকে ন’মাস নির্বাসিত করা হয়। নির্বাসন কাটিয়ে স্মিথ এবং ওয়ার্নার দু’জনেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। ওয়ার্নার টেস্ট থেকে অবসরও নিয়েছেন। ব্যানক্রফটের আর সে ভাবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি।

Advertisement

সূচি অনুযায়ী, ৯ অক্টোবর থেকে প্রথম টেস্ট ডারবানে। এর পর কেবেরহায় দ্বিতীয় টেস্ট (১৮-২২ অক্টোবর) এবং কেপ টাউন (২৭-৩১ অক্টোবর)। দলে নেওয়া হলে স্মিথ আবার কেপ টাউনে ফিরবেন। তার সঙ্গেই ফিরবেন প্যাট কামিন্স, জশ হেজ়লউড, নেথান লায়ন, মিচেল স্টার্কেরা, যাঁরা সকলেই ওই টেস্টের সদস্য ছিলেন।

টেস্ট সিরিজ় শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেগুলি হবে ২৪, ২৭ এবং ৩০ সেপ্টেম্বর, যথাক্রমে ডারবান, জোহানেসবার্গ এবং পোচেস্ট্রুমে।

এর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। তারা দু’টি টেস্ট খেলবে জোহানেসবার্গ (১৫-১৮ নভেম্বর) এবং সেঞ্চুরিয়নে (২৩-২৭ নভেম্বর)। তিনটি এক দিনের ম্যাচ হবে ১, ৪, ৭ ডিসেম্বর, যথাক্রমে ইস্ট লন্ডন, কেবেরহা এবং কেপ টাউনে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ১০, ১২ এবং ১৩ ডিসেম্বর, যথাক্রমে কিম্বারলি, বেনোনি এবং সেঞ্চুরিয়নে।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। সেগুলি হবে জোহানেসবার্গ (১৭-২১ ডিসেম্বর), সেঞ্চুরিয়ন (২৬-৩০ ডিসেম্বর) এবং কেপ টাউনে (৩-৭ জানুয়ারি)। তিনটি এক দিনের ম্যাচ হবে পার্ল (১০ জানুয়ারি) এবং ব্লুমফন্টেনে (১৩ ও ১৫ জানুয়ারি)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement