ICC T20 World Cup 2026

পাকিস্তানের কাছে চুনকামের লজ্জার পর ধাক্কা অসি শিবিরে, বিশ্বকাপের শুরুতে নেই অভিজ্ঞ পেসার

অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এ বার জানা গিয়েছে, বিশ্বকাপের শুরুতে আরও এক পেসারকে পাওয়া যাবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৮
Share:

অস্ট্রেলিয়া দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।

পাকিস্তানের কাছে চুনকামের লজ্জা নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে যে সিরিজ়কে ধরা হচ্ছিল, সেখানে পাকিস্তানের কাছে তিনটি ম্যাচই হেরেছে তারা। সেই লজ্জা কাটতে না কাটতে নতুন ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এ বার জানা গিয়েছে, বিশ্বকাপের শুরুতে আরও এক পেসারকে পাওয়া যাবে না।

Advertisement

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি ডোডেমেইড সোমবার নিশ্চিত করেছেন, পেসার জশ হেজ়লউডকে বিশ্বকাপের শুরুতে পাওয়া যাবে না। তিনি সিডনিতেই রয়েছেন। দলের সঙ্গে পাকিস্তান যায়নি। পাকিস্তান সিরিজ় শেষে শ্রীলঙ্কা যাবে অস্ট্রেলিয়া। সেখানে ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। গ্রুপের বাকি তিন ম্যাচে ওমান, শ্রীলঙ্কা ও জ়িম্বাবোয়ের বিরুদ্ধেও শ্রীলঙ্কাতেই খেলবে তারা। সেখানেও দলের সঙ্গে যাবেন না হেজ়লউড।

সংবাদমাধ্যমকে টনি বলেন, “আমাদের মনে হয়েছে, দলের সঙ্গে যাওয়ার বদলে যদি হেজ়লউড অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে থাকে তা হলে ও আরও দ্রুত সুস্থ হয়ে উঠবে। কারণ, এখানকার পরিবেশ ওর পরিচিত। হেজ়লউডকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছি না। সম্পূর্ণ সুস্থ হলে তবেই ওকে খেলানো হবে।” টনির কথা থেকে স্পষ্ট, হেজ়লউড বিশ্বকাপের নক আউটেও খেলতে পারবেন কি না, তার নিশ্চয়তা নেই।

Advertisement

দীর্ঘ দিন ধরে চোটে ভুগছেন হেজ়লউড। চোটের কারণে অ্যাশেজ় সিরিজ়ে খেলতে পারেননি তিনি। এখনও পুরো সুস্থ হতে পারেননি হেজ়লউড। চোটের কারণে অ্যাশেজ়ে মাত্র একটি টেস্ট খেলেছিলেন কামিন্স। বিশ্বকাপের কথা ভেবে তাঁকে বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। তার পরেও বিশ্বকাপে খেলা হবে না কামিন্সের। এখন দেখার, হেজ়লউড শেষ পর্যন্ত খেলতে পারেন কি না।

তার মধ্যেই স্বস্তির খবর অস্ট্রেলিয়ার আরও তিন ক্রিকেটারকে নিয়ে। নেথান এলিস, টিম ডেভিড ও গ্লেন ম্যাক্সওয়েল কলম্বো পৌঁছেছেন। তাঁরা পাকিস্তান সিরিজ়ে ছিলেন না। তবে শ্রীলঙ্কায় যাওয়ার অর্থ, বিশ্বকাপ খেলতে তৈরি এই তিন ক্রিকেটার। টনি বলেন, “নেথান, ডেভিড ও ম্যাক্সওয়েল শ্রীলঙ্কা চলে গিয়েছে। ওখানে দলের বাকিদের সঙ্গে যোগ দেবে ওরা।” হেজ়লউডকে নিয়ে সংশয়ের মাঝে শন অ্যাবটকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাঠানো হচ্ছে। রিজ়ার্ভ হিসাবে পাঠানো হচ্ছে তাঁকে। প্রয়োজন পড়লে তাঁকে বিশ্বকাপের দলে ঢোকানো হবে বলে জানিয়েছেন টনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement