ICC T20 World Cup 2026

ভারত-পাক ম‍্যাচের আগে বিতর্কে বাংলাদেশ! শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল, মাঠে যাবেন না বিসিবি সভাপতি, শুধু শাহ-নকভি বৈঠক

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাল বাংলাদেশ। রবিবার কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাজির থাকছেন না সে দেশের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বা অন্য কোনও কর্তা। তবে মহসিন নকভির সঙ্গে জয় শাহের প্রথম বার বৈঠক হতে চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৩
Share:

(বাঁ দিক থেকে) আমিনুল ইসলাম, জয় শাহ এবং মহসিন নকভি। — ফাইল চিত্র।

শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাল বাংলাদেশ। রবিবার কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাজির থাকছেন না সে দেশের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বা অন্য কোনও কর্তা। ফলে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা আর হচ্ছে না। তবে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহের প্রথম বার বৈঠক হতে চলেছে।

Advertisement

শনিবার ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটে এই খবর জানিয়েছেন বিসিবি-র একাধিক কর্তা। কুয়েতে এশীয় ক্রিকেট সংস্থার বৈঠকের পর কলম্বো না গিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আমিনুল। বিসিবি-র আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিকার রহমান বলেছেন, “আমার সঙ্গে আমিনুলের কথা হয়েছে। বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে নেই তাই উনি বললেন, ‘ওখানে শুধু ম্যাচ দেখার জন্য যাব কেন’? তাই উনি যেতে চাইছেন না। হয়তো আগে যাওয়ার কথা বলেছিলেন। পরে বুঝতে পারেন বাংলাদেশ যেহেতু খেলছে না তাই কলম্বোয় যাওয়া অর্থহীন।”

উল্লেখ্য, দু’দিন আগে আমিনুল ‘প্রথম আলো’কে বলেছিলেন, “আইসিসি একটা সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি-র প্রধান পাঁচ সদস্য এশিয়ার দেশগুলিই (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান)। ভারত-পাকিস্তান ম্যাচে আইসিসি চায়, এশিয়ার পাঁচটি দেশের প্রতিনিধিই উপস্থিত থাকুক, একসঙ্গে ম্যাচ দেখুক এবং একে অপরের সঙ্গে কথা বলুক। আপনারা বলতে পারেন, এটা বরফ গলারই একটা প্রক্রিয়া।”

Advertisement

এ দিকে, রবিবার প্রেমদাসা স্টেডিয়ামে হাজির থাকার কথা নকভির। তিনি জয় শাহ-সহ আইসিসি-র কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাকিস্তানের বয়কট নিয়ে দু’তরফে যে মতান্তর হয়েছিল তা সমাধানের সম্ভাবনা রয়েছে। পাকিস্তান সুপার লিগের সিইও সলমন নাসির এবং সিওও সুমেইর আহমেদেরও সঙ্গে থাকার কথা। সংবাদ সংস্থাকে এক সূত্র বলেছেন, “শ্রীলঙ্কা বোর্ডের তরফে বাকি বোর্ডগুলির কর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে নকভি যাচ্ছেন আইসিসি-র কর্তাদের সঙ্গে বৈঠক করে সম্পর্কের বরফ গলাতে।”

ওই সূত্র এ-ও জানিয়েছেন, শুক্রবার প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে দেখা করেন নকভি। সেখান থেকে অনুমতি পেয়েই কলম্বো যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement