ICC T20 World Cup 2026

রবিবার ভারত-পাক ম্যাচে করমর্দন হবে? পাকিস্তান অধিনায়ক সলমন আঘা বললেন, ‘সূর্যরা ঠিক করুক ওরা কী করবে’

এশিয়া কাপে তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। কোনও ম্যাচেই দুই দলের অধিনায়ক হাত মেলাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি একই জিনিস দেখা যাবে? কী বললেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৭
Share:

পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। ছবি: পিটিআই।

পহেলগাঁওয়ে জঙ্গি-হামলা এবং অপারেশন সিঁদুরের পর গত বছর এশিয়া কাপে তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। কোনও ম্যাচেই দুই দলের অধিনায়ক হাত মেলাননি, যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি একই জিনিস দেখা যাবে? সিদ্ধান্তের ভার ভারতীয় দলের উপরেই ছেড়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। দু’দেশের ক্রিকেট যাতে সঠিক মানসিকতা নিয়ে খেলা হয়, সেই অনুরোধ করেছেন তিনি।

Advertisement

শনিবার সাংবাদিক বৈঠকে সলমনকে এই প্রশ্ন করা হতেই তিনি বলেন, “দেখাই যাক কাল কী হয়। তবে ম্যাচটা যেন সঠিক মেজাজে খেলা হয়। আমার ব্যক্তিগত মতামতের কোনও অর্থ নেই। অতীতে যে ভাবে ক্রিকেট খেলা হয়েছে, সে ভাবেই ক্রিকেট খেলা উচিত। এটা (করমর্দন) নিয়ে ওরা সিদ্ধান্ত নিক।”

ভারত-পাক ম্যাচের আগে চর্চা হচ্ছে স্পিনার উসমান তারিককে নিয়ে। তাঁর বোলিং অ্যাকশনের যেমন প্রশংসা হচ্ছে, তেমনই সমালোচনাও হচ্ছে। সলমন অবশ্য সে সব নিয়ে মাথা ঘামাতে চান না। তিনি বললেন, “আমাদের কাছে সব ক্রিকেটারই সমান। আপনারাই তো উসমানকে এত বিখ্যাত করে তুলেছেন। খুব ভাল বল করছে ও। নিঃসন্দেহে আমাদের সেরা অস্ত্র। দু’বার আইসিসি ওকে বল করার ছাড়পত্র দিয়েছে। জানি না তার পরেও কেন ওর বোলিং নিয়ে এত কথা হচ্ছে। উসমান অবশ্য এই আলোচনাকে মোটেই পাত্তা দিচ্ছে না। ও ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা হয়। সেটা সামলানোর ক্ষমতা উসমানের রয়েছে।”

Advertisement

কলম্বোর পিচে শুধু স্পিনারেরা নন, পেসারেরাও ভূমিকা নিতে পারেন বলে মনে করেন সলমন। বলেছেন, “স্পিনারেরা এই পিচে শাসন করে ঠিকই। তবে জোরে বোলারদেরও ভূমিকা রয়েছে। ওদের হিসাবে না রাখার কারণ নেই। শাহিনের ভূমিকা রয়েছে। আমাদের হাতে অনেক স্পিনার রয়েছে ঠিকই। কিন্তু পেসারদেরও যে কোনও সময় দরকার হতে পারে।”

আগের ম্যাচে অর্ধশতরান করলেও পাকিস্তানের বড় কাঁটা বাবর আজ়মের ফর্ম। বিশেষ করে তিনি যে ভাবে মন্থর গতিতে ব্যাট করেন, তা চাপে ফেলে দিতে পারে পাকিস্তানকে। যদিও চিন্তিত নন সলমন। বলেছেন, “বাবরকে নিয়ে চিন্তা নেই আমাদের। রান তো করছে। আশা করি কালকেও রান পাবে এবং দলকে সাহায্য করতে পারবে। আমরা এত ঘন ঘন ব্যাটিং পজিশন বদলাতে চাই না।”

রবিবারের ম্যাচে ভারতের অভিষেক শর্মা খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়। সলমন চাইছেন যাতে অভিষেক খেলুন। তিনি বলেছেন, “আমি চাই যাতে অভিষেক আমাদের বিরুদ্ধে খেলতে পারে। আশা করি ও দ্রুত সুস্থ হচ্ছে। আসলে আমরা সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে ভাল খেলতে চাই।”

আইসিসি বিশ্বকাপে মাত্র এক বারই ভারতের বিরুদ্ধে জিতেছে পাকিস্তান। সেটা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরিসংখ্যান মাথায় রাখতে চাইছেন না সলমন। বলেছেন, “জানি আমাদের রেকর্ড খুব একটা ভাল নয়। কিন্তু রবিবার একটা নতুন দিন, নতুন ম্যাচ। জিততে গেলে আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। ইতিহাস বদলানো সম্ভব নয়। সেখান থেকে শিক্ষা নেওয়া যায়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement