IPL 2026

২৫ কোটির গ্রিন বাদ, বসছেন আরও এক বিদেশি! জোড়া হারের ধাক্কায় সোমে পঞ্জাবের বিরুদ্ধে তিন বদলের সম্ভাবনা কেকেআরে

পর পর দু’ম্যাচ হেরে চাপে কলকাতা নাইট রাইডার্স। সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেনে খেলতে নামবে তারা। সেই ম্যাচে কেকেআরের প্রথম একাদশে তিন বদল হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১০:০৬
Share:

কেকেআরের কয়েক জন ক্রিকেটার। ছবি: পিটিআই।

আগের ম্যাচে হারের পরেই অজিঙ্ক রাহানে জানিয়েছিলেন, প্রয়োজনে দলে বদল হতে পারে। সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেরা একাদশ নামাতে অনেক পরিকল্পনা করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। যা পরিস্থিতি তাতে তিন বদল হতে পারে দলে।

Advertisement

চলতি আইপিএলে এখনও জয়ের মুখ দেখতে পায়নি কেকেআর। সোমবার হারলে হারের হ্যাটট্রিক হবে। সেটা চাইবেন না রাহানে, অভিষেক নায়ারেরা। সেই কারণেই এই বদল। সবচেয়ে বেশি আলোচনা হওয়ার কথা ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্যামেরন গ্রিনকে নিয়ে। তাঁকে নিলামে নেওয়ার পর সকলে ভেবেছিলেন, অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে অসি ক্রিকেটারকে। কিন্তু প্রথম দুই ম্যাচে তিনি শুধু ব্যাটার হিসাবে খেলেছেন। তা-ও রান পাননি। ফলে সমস্যা হয়েছে কলকাতার।

আরও এক বিদেশিকে নিয়ে সমস্যায় কেকেআর। তিনি সুনীল নারাইন। কয়েক বছর আগেও চোখ বন্ধ করে কেকেআরের প্রথম একাদশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তিনি। কিন্তু এখন তিনি বুড়ো ঘোড়া। বলের বিষ কমেছে। ব্যাট হাতে ওপেন না করালে নারাইনের বিশেষ কিছু করার থাকে না। কারণ, বড় শট ছাড়া তিনি কিছু জানেন না। পাওয়ার প্লে-র মধ্যে তা কাজে লাগলেও পরের দিকে আউট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

Advertisement

এই দুই বিদেশিকে বসাতে পারে কেকেআর। দলে এমন দুই ক্রিকেটার রয়েছেন যাঁরা গ্রিন ও নারাইনের বিকল্প হতে পারেন। গ্রিনের বিকল্প রভমান পাওয়েল। গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ১৪৭.৫২ গড়ে ১৪৯ রান করেছেন তিনি। ইডেনে ভারতের বিরুদ্ধে করেছেন ১৯ বলে ৩৪ রান। গ্রিন বল করছেন না। পাওয়েল পেস বল করেন। তিনি থাকলে একটি বোলিং বিকল্প পাবে কলকাতা।

নারাইনের বিকল্প হতে পারেন রাচিন রবীন্দ্র। তিনি স্পিন কতটা ভাল করেন, তা বিশ্বকাপে দেখা গিয়েছে। দরকার পড়লে চার ওভার বল করে দিতে পারবেন। আবার ব্যাটটাও বেশ ভাল। নিউ জ়িল্যান্ডের হয়ে টপ অর্ডারে খেলেন। তিনি থাকলে কেকেআর টপ অর্ডারে নির্ভরযোগ্য এক ব্যাটার পাবে। সে ক্ষেত্রে প্রথম একাদশে তিন বিদেশি খেলাবে কেকেআর। ফিন অ্যালেন ও ব্লেসিং মুজ়ারাবানির মধ্যে এক জনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে।

Advertisement

তবে এই দুই ক্রিকেটারকে খেলাতে হলে আর একটি বদল করতে হবে। কার্তিক ত্যাগীকে বসিয়ে খেলাতে হবে রাহুল ত্রিপাঠীকে। রাহুল আগে কেকেআরে খেলেছেন। তিনি মিডল অর্ডারে দ্রুত খেলতে পারেন। পাওয়েল খেললে যে হেতু বোলিংয়ের একটি বিকল্প বাড়বে, তাই কার্তিককে বসিয়ে দিতে পারে কেকেআর। রমনদীপ সিংহও পেস বল করতে পারেন। তা হলেও ব্যাটিংয়ে আরও খানিকটা গভীরতা বাড়বে। পাশাপাশি বোলিংয়েও বৈচিত্র পাওয়া যাবে।

কেকেআরের সম্ভাব্য একাদশ— অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, রিঙ্কু সিংহ, রভমান পাওয়েল, রমনদীপ সিংহ, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজ়ারাবানি (ইমপ্যাক্ট প্লেয়ার)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement