IPL 2026

মায়ের শেষকৃত্য করে মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে! দলের স্বার্থে ছুটে এসেছেন চেন্নাইয়ের মুকেশ, কঠিন সময়ে পাশে পেয়েছেন ধোনিকে

মায়ের ইচ্ছাতেই ক্রিকেটার হওয়া মুকেশ চৌধরির। মায়ের মৃত্যুও চেন্নাই সুপার কিংসের জোরে বোলারকে ২২ গজ থেকে দূরে রাখতে পারল না। শেষকৃত্য সেরেই দলের সঙ্গে যোগ দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:০২
Share:

মুকেশ চৌধরি। ছবি: বিসিসিআই।

মা স্বপ্ন দেখতেন ছেলে ক্রিকেটার হোক। মায়ের সেই ইচ্ছা পূরণ করেছেন চেন্নাই সুপার কিংসের জোরে বোলার মুকেশ চৌধরি। শুধু ইচ্ছাপূরণই নয়, মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁর শেষকৃত্য করেই মাঠে নেমে পড়েছেন মহারাষ্ট্রের ক্রিকেটার।

Advertisement

আইপিএলের মাঝে প্রয়াত হয়েছেন মুকেশের মা প্রেম দেবী। তবু ২২ গজ থেকে দূরে থাকতে চাননি তিনি। মাকে শ্রদ্ধা জানিয়ে নেমে পড়েছেন মাঠে। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছেন। ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাঁহাতি বোলার। তাঁর মাকে শ্রদ্ধা জানিয়ে চেন্নাইয়ের ক্রিকেটারেরাও মাঠে নেমেছিলেন কালো বাহুবন্ধনী পরে।

চেন্নাই-মুম্বই ম্যাচের পর আলোচনায় উঠে এসেছেন মুকেশ। আলোচনায় উঠে এসেছে তাঁর কর্তব্যবোধ। মায়ের মৃত্যুতেও এক দিন বাড়তি ছুটি নেননি। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডিকককে আউট করে উচ্ছ্বাস দেখাননি। লাফালাফি করেননি। শান্ত থেকেছেন। আকাশের দিকে তাকিয়ে মাকে প্রণাম জানিয়েছেন। মুকেশের ব্যক্তিগত জীবনের ক্ষতির কথা ম্যাচের পর জানিয়েছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মুম্বইয়ের বিরুদ্ধে জয় মুকেশের মাকে উৎসর্গ করে তিনি বলেছেন, ‘‘এমন পরিস্থিতিতে খেলতে নামা অত্যন্ত কঠিন। মুকেশকে কুর্নিশ জানাতেই হয়। জীবনের এমন সময়ে মানসিক ভাবে অসম্ভব কঠিন না হলে খেলার কথা ভাবা যায় না। দলের প্রয়োজনের কথা ভেবে ফিরে এসেছে। কারণ মুকেশ জানত, ওকে আমাদের প্রয়োজন। সব কৃতিত্ব ওর। আমরা শুধু মুকেশের পাশে থাকার চেষ্টা করেছি। ওকে কিছুটা খুশি রাখার চেষ্টা করেছি।’’

Advertisement

গত এক বছর ধরে অসুস্থ ছিলেন মুকেশের মা। গত মঙ্গলবার মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মায়ের অসুস্থতার খবর পেয়ে গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর রাজস্থানের ভিলওয়ারার বাড়িতে চলে যান। চিকিৎসক দাদা রাজেশ চৌধরির সঙ্গে মায়ের শেষকৃত্য সম্পন্ন করে বুধবার ফিরে আসেন চেন্নাই শিবিরে। আইপিএলের শুরু থেকেই সঙ্কটজনক অবস্থায় ছিলেন তাঁর মা। বিষয়টি জানার পর থেকে সতীর্থকে আগলে রেখেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। মুকেশকে নিয়ে মুম্বইয়ের হাসপাতালে গিয়ে তাঁর মাকে দেখে আসেন মাহি। শেষ কয়েক দিনও সমানে ফোনে যোগাযোগ রেখেছেন ২৯ বছরের ক্রিকেটারের সঙ্গে।

২০২২ সালে প্রথম চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেন মুকেশ। তার পর ২০২৪ থেকে টানা চেন্নাইয়ের হয়ে খেলছেন। প্রথম মরসুমে ১৩টি ম্যাচ খেললেও পরে অনিমিয়ত হয়ে পড়েছেন প্রথম একাদশে। ২০২৪ সালে ১টি এবং ২০২৫ সালে ২টি ম্যাচে খেলার সুযোগ পান। এ বারও মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement