Drunken Driving Case

মদ্যপানের কথা পুলিশের কাছে স্বীকার করে নিলেন ওয়ার্নার, ক’গ্লাস ওয়াইন খেয়েছিলেন, জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার

পিএসএলে পাঁচ দিনের বিরতিতে ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ায় ফিরেছিলেন গুডফ্রাইডের ছুটি কাটাতে। গত রবিবার মদ্যপান করে গাড়ি চালানোর সময় ধরা পড়েন পুলিশের কাছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৮:৫১
Share:

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

কয়েক দিনের জন্য দেশে ছুটি কাটাতে ফিরে আইনি জটে জড়িয়ে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে গত রবিবার গ্রেফতার করা হয় তাঁকে। আদালতেও হাজিরা দিতে হবে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনারকে। অপরাধ মেনে নিলেও ওয়ার্নারের দাবি, মাত্রাতিরিক্ত মদ্যপান করেননি।

Advertisement

তদন্তকারীদের ওয়ার্নার জানিয়েছেন, এক বন্ধুর বাড়িতে মদ্যপান করেছিলেন। ইস্টার সানডে উপলক্ষ্যে মদ্যপান করেন তাঁরা। ক্রিকেটারের দাবি, মাত্র তিন গ্লাস ওয়াইন খেয়েছিলেন। গাড়ি চালিয়ে মারুব্রার বাড়িতে ফেরার পথে গাড়ি থামিয়ে পুলিশ তাঁকে পরীক্ষা করে।

ওয়ার্নার অতিরিক্ত মদ্যপানের কথা অস্বীকার করলেও, তাঁর নিঃশ্বাসে অনুমোদিত মাত্রার দ্বিগুণ মদ্যপানের প্রমাণ পাওয়া যায়। রাস্তায় পরীক্ষা করে মারুব্রা থানায় নিয়ে যাওয়ার পর দ্বিতীয় বার ওয়ার্নারের নিঃশ্বাস পরীক্ষা হয়। তাতেও একই পরিমাণ মদ্যপানের প্রমাণ পাওয়া যায়। দ্বিতীয় বার পরীক্ষায় ব্যর্থ হওয়ায় গ্রেফতার করা হয় ওয়ার্নারকে। যদিও থানা থেকেই জামিন পেয়ে যান। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওয়ার্নারের রক্তের নমুনাতেও অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি মদ্যপানের প্রমাণ পাওয়া গিয়েছে। আগামী ৯ মে তাঁকে আদালতে হাজির করানো হবে।

Advertisement

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পাঁচ দিনের বিরতিতে ওয়ার্নার অস্ট্রেলিয়ায় ফিরেছিলেন গুডফ্রাইডের ছুটি কাটাতে। ওয়ার্নার যে ধারায় গ্রেফতার হয়েছেন, তাতে তাঁর বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। পাসপোর্টও জমা রাখতে হবে না। আদালতে হাজির দেবেন, এই শর্তে জামিন পেয়েছেন। পিএসএলে করাচি কিংসের নেতৃত্ব দিতে তাঁর সমস্যা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement