(বাঁ দিকে) ফয়জ়ল শিনোজ়াদা এবং অভিজ্ঞান কুন্ডু (ডান দিকে)। ছবি: আইসিসি।
ছোটদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার মুখোমুখি হয় ভারত এবং আফগানিস্তান। এই ম্যাচের একটি বলে ৯ রান পায় আফগানিস্তান। অথচ ভারতের দীপেশ দেবেন্দ্র ‘নো’ বল করেননি। আফগান ব্যাটার ফয়জ়ল শিনোজ়াদা ছয়ও মারেননি।
ঘটনাটি আফগানিস্তানের ইনিংসে ১৭তম ওভারের। ওই ওভারে প্রথম পাঁচ বলে ১ রান দেন দীপেশ। শেষ বলটি লেগ স্টাম্পে করেছিলেন তিনি। লেগ সাইডে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন শিনোজ়াদা। বল ঠিক ভাবে ধরতে পারেননি ভারতের উইকেটরক্ষক অভিজ্ঞান কুন্ডুও। বল তাঁর পিছনে রাখা হেলমেটে লেগে বাউন্ডারিতে চলে যায়।
আম্পায়ার ওয়াইড না দেওয়ায় অতিরিক্ত রান বা বল পায়নি আফগানিস্তান। তবে নিয়ম অনুযায়ী বল উইকেটরক্ষকের পিছনে রাখা হেলমেটে লাগায় পেনাল্টি হিসাবে প্রথমে ৫ রান এবং পরে বাউন্ডারি হওয়ায় আরও ৪ রান পায় আফগানিস্তান। সব মিলিয়ে ১৭তম ওভারে দীপেশের শেষ বলে ৯ রান পায় আফগানেরা।
এই ৯ রান আফগানিস্তান পেয়েছে অতিরিক্ত হিসাবে। তার মধ্যে বাউন্ডারির চার রান দীপেশের নামে জমা হয়েছে। হেলমেটে লাগায় পেনাল্টির ৫ রান যোগ হয়েছে দলের নামে।