ICC T20 World Cup 2026

৫ লড়াই: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে থাকবে নজরে

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে নামবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে পাঁচটি ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১
Share:

ভারত-পাক ম্যাচে লড়াই হবে যাঁদের মধ্যে। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই নায়ক হয়ে ওঠার লড়াই। সেই লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন দু’দলের ক্রিকেটারেরা। আর সেই লড়াই যিনি জেতেন, তিনি রাতারাতি তারকা হয়ে যান। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে নামবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচেও পাঁচটি ব্যক্তিগত লড়াইয়ের দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বের।

Advertisement

১) শাহিন বনাম অভিষেক

এখনও পর্যন্ত এই লড়াইয়ে শাহিনকে হারিয়েছেন অভিষেক। এশিয়া কাপে তিন ম্যাচে শাহিনের বিরুদ্ধে ১৯ বল খেলেছেন তিনি। করেছেন ৩৬ রান। অর্থাৎ, ১৮৯.৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। পাকিস্তানের প্রধান পেসারকে তিনটি চার ও তিনটি ছক্কা মেরেছেন ভারতীয় ওপেনার। অভিষেককে এক বারও আউট করতে পারেননি শাহিন। বিশ্বকাপেও সেই ছন্দেই খেলতে চাইবেন অভিষেক। শাহিনের কাছে সুযোগ রয়েছে আগের তিন ম্যাচের বদলা নেওয়ার।

২) বুমরাহ বনাম ফারহান

শাহিনকে যেমন অভিষেক টেক্কা দিয়েছেন, তেমনই এখনও পর্যন্ত জসপ্রীত বুমরাহের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন সাহিবজ়াদা ফারহান। এশিয়া কাপের তিন ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলেছেন তাঁরা। বুমরাহের ৩৪ বলে ফারহান করেছেন ৫১ রান। ১৫০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ছ’টি চার ও তিনটি ছক্কা মেরেছেন। ফারহানকে এক বারও আউট করতে পারেননি বুমরাহ। যে কোনও ফরম্যাটে বুমরাহের বিরুদ্ধে এ রকম দাপট দেখাতে খুব কম ব্যাটারকে দেখা গিয়েছে। বিশ্বকাপেও কি সেই ছবি দেখা যাবে? না কি এ বার লড়াইয়ে টেক্কা দেবেন বুমরাহ?

Advertisement

৩) বাবর বনাম বরুণ

আগের ম্যাচে রানে ফিরেছেন বাবর আজ়ম। ভারতের বিরুদ্ধে তিনি পাকিস্তানের বড় ভরসা। মিডল অর্ডারে রান তোলার দায়িত্ব তাঁর। সেই সময় সামনে বরুণ চক্রবর্তীকে পাবেন তিনি। এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রমতালিকায় বিশ্বের সেরা বোলার বরুণ। তাঁর রহস্যময় বোলিং ব্যাটারদের সমস্যায় ফেলে। এর আগে টি-টোয়েন্টিতে বরুণের ১৩ বলে ১৭ রান করেছেন বাবর। মেরেছেন একটি চার ও একটি ছক্কা। এক বারও আউট হননি। তবে স্ট্রাইক রেট খুব বেশি (১৩০.৮) নয়। রবিবার আবার মুখোমুখি হবেন তাঁরা। এ বার কে বাজিমাত করেন সে দিকেই নজর দু’দলের সমর্থকদের।

৪) সূর্যকুমার বনাম তারিক

আমেরিকার বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। তাঁর প্রধান শক্তি, মাঠের চার দিকে সহজে শট খেলতে পারার ক্ষমতা। সেই কারণে তাঁকে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলা হয়। সূর্যের সামনে কোথায় বল ফেলবেন, তা নিয়ে চিন্তায় থাকেন বোলারেরা। অন্য দিকে এ বারের বিশ্বকাপে পাকিস্তানের তুরুপের তাস উসমান তারিক। প্রথম বার ভারতের ব্যাটারেরা খেলবেন তাঁর বিরুদ্ধে। তারিকের বোলিং অ্যাকশন অদ্ভুত। দেখে মনে হয়, বল করার সময় কনুই ভাঙেন। কিন্তু আইসিসি তাঁর অ্যাকশন নিয়ে কোনও পদক্ষেপ করেনি। ভারতের বিরুদ্ধে নামার আগেই হুঁশিয়ারি দিয়েছেন তারিক। সূর্যকে থামাতে তাঁকে পাঠাবেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। এই লড়াইয়ের দিকেও সকলের নজর থাকবে।

৫) হার্দিক বনাম ফাহিম

দুই দলের দুই সেরা অলরাউন্ডার। ব্যাট ও বল হাতে বড় ভূমিকা থাকে তাঁদের। হার্দিকের ৫ বলে এখনও পর্যন্ত ১২ রান করেছেন ফাহিম। উল্টো দিকে ফাহিমের ২ বলে ২ রান করেছেন হার্দিক। ব্যাট হাতে তাঁরা দু’জনেই ফিনিশারের ভূমিকা পালন করেন। আবার পাওয়ার প্লে ও ডেথ ওভারে বল করেন। ফলে রবিবারের ম্যাচে এই দু’জনের লড়াইয়ের দিকেও সকলের নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement