ICC T20 World Cup 2026

ভারতের বিশ্বকাপজয়ী কোচকে নতুন ‘হেডস্যর’ নিয়োগ করল শ্রীলঙ্কা, বিশ্বকাপ শেষ হতেই নতুন প্রশিক্ষক পড়শি দেশে

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিনই নতুন কোচ বেছে নিল শ্রীলঙ্কা। গ্যারি কার্স্টেনকে নিয়োগ করল তারা। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২২:১৫
Share:

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সমাজমাধ্যম।

আয়োজক দেশ হয়েও সুপার এইটে সব ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল শ্রীলঙ্কা। সে দিনই কোচ সনৎ জয়সূর্য দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিনই নতুন কোচ বেছে নিল শ্রীলঙ্কা। গ্যারি কার্স্টেনকে নিয়োগ করল তারা। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

Advertisement

২০১১-য় ভারত এক দিনের বিশ্বকাপ জিতেছিল কার্স্টেনের কোচিংয়ে। তাঁকে আপাতত দু’বছরের জন্য নিয়োগ করা হয়েছে। বিশ্বকাপে কার্স্টেন নামিবিয়ার উপদেষ্টা হিসাবে কাজ করেছেন।

দেশের হয়ে ১০১টি টেস্ট এবং ১৮৫টি এক দিনের ম্যাচ খেলেছেন কার্স্টেন। কোচিং তাঁর কাছে নতুন নয়। ভারতকে বিশ্বকাপ জেতানো ছাড়াও প্রথম বার টেস্টে এক নম্বর দল হওয়ার কীর্তিও তাঁর কোচিংয়ে। এর পর দু’বছর দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন। ২০২৪-এ পাকিস্তানের সাদা বলের দলের কোচ হন তিনি। তবে বোর্ড এবং ক্রিকেটারদের সঙ্গে মতানৈক্যের জেরে তিনি ইস্তফা দেন।

Advertisement

এ ছাড়াও তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্স দলের সঙ্গে কাজ করেছেন। ২০২২-এ গুজরাত ট্রফি জেতার বছরে তিনি সেই দলের ব্যাটিং কোচ ছিলেন।

শ্রীলঙ্কার কোচ হিসাবে কার্স্টেনের প্রথম দায়িত্ব পরের বছর এক দিনের বিশ্বকাপে দলের ভাল ফল করা। সেটি হবে তাঁর নিজের দেশ দক্ষিণ আফ্রিকাতেই। সহ-আয়োজক দেশ জ়িম্বাবোয়ে এবং নামিবিয়া। বিশ্বকাপে সরাসরি খেলার চ্যালেঞ্জ রয়েছে কার্স্টেনের দলের সামনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement