Mohammad Rizwan

‘পাকিস্তান দলে সুযোগ পাওয়ার যোগ্য নই!’ টেস্ট দল ঘোষণার পর চাঞ্চল্যকর মন্তব্য রি‌জ়ওয়ানের

টেস্ট দলে জায়গা পেয়েছেন মহম্মদ রিজ়ওয়ান। তার দু’দিন পর অভিজ্ঞ উইকেটরক্ষকের মন্তব্য চাঞ্চল্য তৈরি করেছে। রিজ়ওয়ান বলেছেন, পাকিস্তানের একটি দলে সুযোগ পাওয়ার যোগ্য নন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৪:১৩
Share:

মহম্মদ রিজ়ওয়ান। —ফাইল চিত্র।

বাংলাদেশের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজ়ের পাকিস্তান দলে জায়গা পেয়েছেন মহম্মদ রিজ়ওয়ান। তার পর তাঁর একটি মন্তব্য চাঞ্চল্য তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। পাকিস্তানের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার জানিয়েছেন, তিনি একটি দলে সুযোগ পাওয়ার অযোগ্য!

Advertisement

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রান পাচ্ছেন না রিজ়ওয়ান। সাতটি ম্যাচ খেলে করেছেন ১০৭ রান। গড় ১৫.২৮। তাঁর দল রাওয়ালপিন্ডিজও একটিও ম্যাচ জিততে পারেনি। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও ব্যর্থ হন রিজ়ওয়ান। তা-ও পাকিস্তান দলে রিজ়ওয়ান জায়গা পাওয়ায় বিস্মিত হন ক্রিকেটপ্রেমীদের একাংশ। শনিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে হারার পর রিজ়ওয়ানের ফর্ম নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকেরা। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার ভাবনা রয়েছে কিনা, তা-ও জিজ্ঞেস করা হয়।

উত্তরে পাক ক্রিকেটার বলেছেন, ‘‘বিগ ব্যাশ লিগের সময় দল নির্বাচন করা হয়েছিল। তখন পরিষ্কার বলেছিলাম, পারফরম্যান্স দেখলে আমি পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য নই। আমি সেই ক্রিকেটার যাঁর সম্পর্কে আপনারা বলেছিলেন, ‘ছক্কা মারতে পারে না’। আমরা ক্রিকেটারেরাও মানুষ। আমি নিজেই স্বীকার করেছি, টি-টোয়েন্টিতে আমার পারফরম্যান্স ভাল নয়। ঠিক মতো খেলতে পারছি না। ভুল করছি। তার মানে এই নয়, আত্মবিশ্বাস হারিয়ে ফেলব। মানসিক শক্তি হারিয়ে অলস সময় কাটাবো।’’

Advertisement

তিনি যে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য নন, তা আগেই বলেছিলেন হ্যারিস রউফকে। রিজ়ওয়ান বলেছেন, ‘‘বিগ ব্যাশ লিগের সময় হ্যারিসকে বলেছিলাম, আমাকে টি-টোয়েন্টি দলে রাখা ঠিক হচ্ছে না। আমার পারফরম্যান্স নেই। তা-ও সুযোগ যখন পাচ্ছিস খেলব। পারফর্ম না করতে পারলে নিজে অধিনায়ককে গিয়ে বলব আমাকে প্রথম একাদশ থেকে বাদ দাও। জুনিয়রদের সুযোগ দাও।’’ তিনি আরও বলেছেন, ‘‘পারফর্ম না করেও জায়গা ধরে রাখার পক্ষে আমি নই। এ কথা আগেও বলেছি। সরফরাজ় আহমেদ আগে যখন দলের সঙ্গে ছিলেন, তখনও তাঁকে একই কথা বলেছিলাম। আবারও বলছি। প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাই না। আমার কিছু ভুল হলে, সেটা ভুলই। আপনারা যদি মনে করেন, এই বয়সেই আমার অবসর নেওয়া উচিত, তাই নেব।’’

সত্যিই কি টি-টোয়েন্টি থেকে অবসরের কথা ভাবছেন? রিজ়ওয়ান বলেছেন, ‘‘ক্রিকেট আমার আবেগ। সব কিছুর আগে আমার কাছে ক্রিকেট। সেটা টেস্ট, এক দিনের বা টি-টোয়েন্টি যাই হোক। ক্রিকেটকে আমি ভালবাসি। আর কোনও কাজ করতে পারি না। তাই ক্রিকেট খেলি। আমার কোনও ব্যবসা নেই। অন্য কিছুও খেলি না। এটা ঠিক, এখন সাফল্য পাচ্ছি না। আমি হয়তো যথেষ্ট পরিশ্রম করছি না। একটা কথা বলতে পারি, কঠোর পরিশ্রম করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। তখন আবার আপনাদের মুখোমুখি হব। আমার এখনকার চেষ্টা, পরিশ্রমে নিশ্চই খামতি থাকছে। তাই সাফল্য আসছে না। যাই হোক আমি আত্মবিশ্বাসী। ফিরবই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement