(বাঁ দিকে) মহসিন নকভি এবং জয় শাহ (ডান দিকে)। —ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) কয়েকটি শর্ত দিয়েছিল পাকিস্তান। মহসিন নকভিদের মূল তিনটি শর্তই খারিজ করে দিয়েছেন জয় শাহেরা।
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। নির্ধারিত সূচি মেনে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইসিসি কর্তারা। জট ছাড়াতে রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠক করে আইসিসি। সেই বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি কয়েকটি শর্ত দেন। সবগুলিই বাংলাদেশের স্বার্থে। বৈঠকে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আনিমুল ইসলামও।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পিসিবির তিনটি প্রধান শর্তই খারিজ করে দেওয়া হয়েছে। প্রথম, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় শুরু করা। দ্বিতীয়, ভারত-পাকিস্তান-বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ়। তৃতীয়, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফর। তবে পিসিবির দু’টি শর্ত মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আইসিসি কর্তারা। কার একটি হল বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে ‘পার্টিসিপেশন ফি’ অর্থাৎ, বিশ্বকাপে অংশগ্রহণের পারিশ্রমিক দিতে হবে এবং বাংলাদেশকে কোনও রকম শাস্তি দেওয়া চলবে না।
আরও একটি শর্ত দেওয়া হয়েছিল। তা হল, বাংলাদেশ আগামী দিনে নিজেদের দেশে আইসিসি প্রতিযোগিতা আয়োজন করতে চাইছে। আইসিসিকে জানাতে হবে, আগামী দিনে সেখানে কোন বড় প্রতিযোগিতা হতে পারে। এই শর্ত মেনে নেওয়ার কথা বলেছে আইসিসি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে বিসিবি। উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জন্য ২০২৪ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে গিয়েছিল আইসিসি।
আইসিসির অবস্থান জানার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলার কথা নকভির। তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ম্যাচ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান।