Women's Asia Cup Rising Stars 2026

বাংলাদেশকে হারিয়ে রাইজ়িং এশিয়া কাপে সেরা ভারতের মেয়েরা, আরও একটি বড় প্রতিযোগিতায় ট্রফি এল দেশে

রাইজ়িং এশিয়া কাপ জিতল ভারতের মেয়েরা। ফাইনালে বাংলাদেশকে হারাল তারা। এই জয়ের ফলে চলতি বছরে আরও একটি ট্রফি এল ভারতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৪
Share:

ভারতের মহিলা ক্রিকেটারদের উল্লাস। ছবি: এক্স।

বড় প্রতিযোগিতায় ভারতের জয়ের ধারা অব্যাহত। ২০২৪ সাল থেকে বড় প্রতিযোগিতায় একের পর এক ট্রফি জিতেছে ভারত। সেই তালিকায় নবতম সংযোজন মেয়েদের রাইজ়িং এশিয়া কাপ। রবিবার এই প্রতিযোগিতাও জিতল ভারত। ফাইনালে বাংলাদেশকে ৪৬ রানে হারাল তারা।

Advertisement

ব্যাংককে আয়োজিত মেয়েদের রাইজ়িং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। এই প্রতিযোগিতায় একমাত্র অপরাজিত দল ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিই জিতেছিল তারা। সেমিফাইনালে পাকিস্তানকে হেলায় হারিয়েছিল। অন্য দিকে ভারত গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির কাছে হারলেও তার পর ছন্দে ফেরে। শ্রীলঙ্কাকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে ওঠে তারা। মনে হচ্ছিল, ফাইনালে ভারতের লড়াই সহজ হবে না। কিন্তু রবিবার বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে ভারত। ওপেনার বৃন্দা দীনেশ ১৯ রান করেন। টপ অর্ডারের বাকিরা রান না পেলেও দলের ইনিংস ধরেন তেজল হাসনবিস ও অধিনায়ক রাধা যাদব। তেজল ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। রাধা করেন ৩০ বলে ৩৬ রান। এই দু’জনের কাঁধেই দলের রান ১৩৪ পর্যন্ত পৌঁছোয়। বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন বল হাতে সফল। চার ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

Advertisement

জবাবে রান তাড়া করতে নেমে প্রথম উইকেটে কিছুটা জুটি হয় শামিমা সুলতানা ও সারমিন সুলতানার মধ্যে। কিন্তু শামিমা ২০ ও সারমিন ১৮ রানে আউট হওয়ার পর ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। বাকিদের মধ্যে সাদিয়া আখতার (১০) ও ফাহিমা (১৪) ছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছোতে পারেননি।

ভারতের ছয় বোলার এই ম্যাচে বল করেছেন। ছ’জনই উইকেট নিয়েছেন। সবচেয়ে সফল প্রেমা রাওয়াত। চার ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। সোনিয়া মেনধিয়া ও তনুজা কাঁওয়ার নেন ২ করে উইকেট। অধিনায়ক রাধা, সাইমা ঠাকোর ও মিন্নু মণি ১ করে উইকেট নেন। ১৯.১ ওভারে ৮৮ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ৪৬ রানে জিতে চ্যাম্পিয়ন হয় ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement