ICC T20 World Cup 2026

শুধু জয় নয়, ভারতের মাথায় নেট রান রেটের অঙ্ক! জ়িম্বাবোয়েকে হারালেই শুধু হবে না, কত রানে জিততে হবে সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে সুপার এইটের বাকি দু’ম্যাচে জয় ছাড়া উপায় নেই ভারতের। শুধু জিতলেই হবে না সূর্যকুমার যাদবদের। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে একটি শর্তও পূর্ণ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

ভারত কি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে? সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে সূর্যকুমার যাদবদের ৭৬ রানে হার প্রশ্ন তুলে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় আবার জ়িম্বাবোয়েকে ১০৭ রানে হারানোয় সমীকরণ আরও জটিল হয়েছে। গত বারের চ্যাম্পিয়নদের সম্ভাবনা অবশ্য শেষ হয়ে যায়নি।

Advertisement

আগামী বৃহস্পতিবার জ়িম্বাবোয়ে এবং রবিবার ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গে খেলা রয়েছে। এই দু’ম্যাচ জিতলে সেমিফাইনালে উঠার সম্ভাবনা বাড়বে সূর্যদের। সেই সঙ্গে জ়িম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ় তাদের বাকি দু’টি ম্যাচ (দক্ষিণ আফ্রিকা এবং ভারতের সঙ্গে) হেরে গেলে ভারত সরাসরি শেষ চারে পৌঁছে যাবে পয়েন্টের নিরিখে।

জ়িম্বাবোয়ে বাকি দুই ম্যাচ হারলে, ভারত বাকি দু’ম্যাচ জিতলে এবং ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে এডেন মার্করামেরা হেরে গেলে সূর্যদের জন্য গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট। কারণ সে ক্ষেত্রে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট হবে ৪। নেট রান রেটের ভিত্তিতে প্রথম দু’দল সেমিফাইনালের ছাড়পত্র পাবে। সোমবার ওয়েস্ট ইন্ডিজ়-জ়িম্বাবোয়ে ম্যাচের পর সুপার এইট গ্রুপ ওয়ানে নেট রান রেটের নিরিখে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ়। দক্ষিণ আফ্রিকার মতো তাদেরও ১ ম্যাচে ২ পয়েন্ট। তবে ওয়েস্ট ইন্ডিজ়ের নেট রান রেট ৫.৩৫০। দক্ষিণ আফ্রিকার ৩.৮০০। ভারত এবং জ়িম্বাবোয়ের সংগ্রহে কোনও পয়েন্ট নেই। ভারতের নেট রান রেট -৩.৮০০ এবং জ়িম্বাবোয়ের -৫.৩৫০।

Advertisement

সূর্যদের নেট রান রেট উন্নত করার সবচেয়ে ভাল সুযোগ হিসাবে ধরা হচ্ছে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ। আগামী বৃহস্পতিবার তাই শুধু জিতলেই হবে না। নেট রান রেটে ব্যবধান মুছতে সিকন্দর রাজার দলকে ১০০ বা তার বেশি রানের ব্যবধানে হারাতে হবে ভারতকে। ভারত প্রথমে ব্যাট করে ২২০ রান করলে জ়িম্বাবোয়েকে ১২০ বা তার কম রানে অল আউট করতে হবে। তা হলে নেট রান রেটে সূর্যেরা চাপে ফেলতে পারবেন দক্ষিণ আফ্রিকাকে।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের খেলা চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচে। তাই সুপার এইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাড়তি সুবিধা পেতে পারে ভারতীয়েরা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচ ইডেন গার্ডেন্সে। ফলে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে হলে বৃহস্পতিবার জ়িম্বাবোয়েকে বড় ব্যবধানে হারাতেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement