ICC T20 World Cup 2026

বাদ পড়লেন রিঙ্কু, দলে সঞ্জু! জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে আরও এক বদল করলেন গম্ভীর-সূর্যেরা

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারের পর থেকেই ভারতীয় দলে বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সেটাই হল। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে জোড়া বদল করলেন গৌতম গম্ভীরেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৭
Share:

সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

ইঙ্গিত আগে থেকেই ছিল। সেটাই হল। দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারের পরেই প্রথম একাদশে বদল করল ভারত। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে বাদ পড়লেন রিঙ্কু সিংহ ও ওয়াশিংটন সুন্দর। বদলে প্রথম একাদশে জায়গা পেলেন সঞ্জু স্যামসন ও অক্ষর পটেল।

Advertisement

টসের পর ভারত অধিনায়ক সূর্য এই জোড়া বদলের কথা জানিয়েছেন। বোঝা যাচ্ছে, যে দুই জায়গায় ফাঁক দেখা যাচ্ছিল, তা ভরাটের চেষ্টা করেছেন গম্ভীরেরা। চলতি বিশ্বকাপে একেবারেই রান নেই রিঙ্কুর ব্যাটে। ফলে তাঁকে বসতে হয়েছে। পাশাপাশি আগের ম্যাচে তেমন কিছু করতে না পারায় সুন্দরকে বসিয়ে দলের সহ-অধিনায়ক অক্ষরকে প্রথম একাদশে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল দেখে অবাক হয়েছিলেন বিশেষজ্ঞেরা। কোন যুক্তিতে অক্ষরের পরিবর্তে সুন্দরকে নেওয়া হয়েছে তা বুঝতে পারছিলেন না তাঁরা। কার্যক্ষেত্রে দেখা যায়, গম্ভীরদের সেই সিদ্ধান্ত একেবারেই কাজ লাগেনি। ম্যাচ শেষে দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও জানান, অক্ষরকে না খেলানো ভুল হয়েছিল। ফলে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে যে সুন্দরের পরিবর্তে অক্ষরকে খেলানো হবে তা নিশ্চিত ছিল।

Advertisement

প্রশ্ন উঠেছিল অন্য জায়গায়। সঞ্জু দলে ঢুকলে কার পরিবর্তে ঢুকবেন? সঞ্জুর কথা যে ভাবা হচ্ছে তা স্পষ্ট করে দিয়েছিলেন দুশখাতে। অনুশীলনেও দেখা যায়, বাড়তি সময় ব্যাট করছেন তিনি। পাশাপাশি কিপিং অনুশীলনও করছেন। অনেকে বলছিলেন, অভিষেক শর্মা ফর্মে না থাকায় তাঁর বদলে সঞ্জুকে নেওয়া হতে পারে। আবার অনেকে বলছিলেন, তিন নম্বরে ব্যর্থ তিলক বর্মার বদলে নেওয়া হবে সঞ্জুকে। কিন্তু আদতে দেখা গেল, অভিষেক ও তিলক আরও একটি সুযোগ পেলেন। বাদ পড়লেন রিঙ্কু।

চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচে ২৪ রান করেছেন রিঙ্কু। কিন্তু এ কথাও ভাবতে হবে যে বেশি বল খেলারও সুযোগ পাননি। শেষ দিকে নেমে প্রথম থেকে হাত খোলা ছাড়া কোনও উপায় ছিল না তাঁর। কিন্তু অভিষেক বা তিলক সেই তুলনায় অনেক বেশি সুযোগ পেয়েছেন। বলের অভাব তাঁদের ছিল না। কিন্তু খেলতে পারেননি তাঁরা। তবু সেই রিঙ্কুকেই জায়গা ছেড়ে দিতে হল। এখন দেখার ভারতীয় দলে এই জোড়া বদল ভারতের খেলায় বদল আনতে পারে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement