ICC T20 World Cup 2026

ইডেনে রবিবার আগুনের জবাব আগুনে দিতে চান সূর্যকুমারেরা, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিলক কি ছয়েই নামবেন, জানাল ভারতীয় দল

রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে ভারত। ২০ ওভারই আগ্রাসী ক্রিকেট খেলতে চায় তারা। আগুনের জবাব আগুনেই দিতে চান, জানিয়ে দিলেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮
Share:

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে ভারত। সেমিফাইনালে উঠতে গেলে জিততেই হবে। তবে বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ়ে বিধ্বংসী ব্যাটারের সংখ্যা কম নেই। যে কোনও একজন টিকে গেলে একাই ম্যাচ বার করে নিয়ে যেতে পারেন। তাদের বিরুদ্ধে ২০ ওভারই আগ্রাসী ক্রিকেট খেলতে চায় ভারত। আগুনের জবাব আগুনেই দিতে চায় তারা। ম্যাচের আগের দিন এ কথা জানিয়ে দিলেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ়ের টপ এবং মিডল অর্ডার ব্যর্থ হলেও শেষ দিকে জেসন হোল্ডার এবং রোমারিয়ো শেফার্ড দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন। সে কথা মাথায় রেখেই দুশখাতে বলেছেন, “আমার মনে হয় না বিশ্বে এমন কোনও ব্যাটিং দল রয়েছে যেখানে রোমারিয়ো শেফার্ড ৯ নম্বরে নামে। তবে এখন এটাই বিশ্বকাপের বেশির ভাগ দলে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা এ বার ভাল খেলেছে। ইংল্যান্ডের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। নিউ জ়িল্যান্ডের রয়েছে। এমনকি ভারতেও রয়েছে। আমাদের দলে অক্ষর পটেলের মতো ক্রিকেটারও দলের প্রয়োজনে নীচের দিকে নামতে তৈরি থাকে।”

দুশখাতের সংযোজন, “ওয়েস্ট ইন্ডিজ় বরাবরই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দেয়। ওটাই ওদের আসল লক্ষ্য। তবে এটা এমন একটা চ্যালেঞ্জ যার জন্য আমরা মুখিয়ে রয়েছি। কাল আমরা আগুনের বিরুদ্ধে আগুন নিয়েই জবাব দেব। নিশ্চিত ভাবেই একটা ভাল ম্যাচ হবে।”

Advertisement

দুশখাতের মতে, দু’দলেরই ব্যাটিং শক্তিশালী। তাই উইকেট নেওয়ার দিকে বেশি জোর দিতে হবে। দুশখাতে বলেছেন, “উইকেট নেওয়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে আমাদের। টি-টোয়েন্টি ক্রিকেটে রান আটকানোর যে পুরনো প্রথা ছিল তা অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ় ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলে। বোলিং বিভাগকে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা জানি উইকেট নেওয়ার সুযোগ থাকবে। তাই ২০ ওভার ধরেই ওদের চাপে রাখতে হবে। ঠিক যে কাজটা দক্ষিণ আফ্রিকা করেছিল।”

ভারতের সহকারী কোচের সংযোজন, “পিচ দেখে ভালই মনে হচ্ছে। অনেক রান উঠতে পারে। তাই বল হাতেই আসল চ্যালেঞ্জ রয়েছে আমাদের সামনে। আশা করি ব্যাট হাতেও সাহসী খেলতে পারব এবং গোটা ইনিংস জুড়ে ভাল স্ট্রাইক রেট রাখতে পারব।”

দুশখাতে মনে করেন, এ ধরনের ম্যাচে চাপ থাকবেই। তা বলে ভেঙে পড়লে চলবে না। সহকারী কোচের কথায়, “আমার মনে হয় না এ ধরনের ম্যাচে চাপ লুকোনো যায়। উল্টে চাপের সামনে বুক চিতিয়ে খেলা দরকার। শুধু বিশ্বকাপ নয়, আমরা সব ম্যাচের আগেই দলকে এ কথা বলে থাকি। প্রস্তুতিও সে ভাবেই হয়। চাপ নেওয়ার বদলে কী ভাবে দেওয়া যায় সেটা ভাবতে হবে। ক্রিকেটারদের বলে দিয়েছি, দেশের হয়ে খেলতে নামা গর্বের ব্যাপার। ইডেন গার্ডেন্সের মতো মাঠে খেলতে নামা অনেক সম্মানের।”

জ়িম্বাবোয়ে ম্যাচে তিলক বর্মা পাঁচে নেমে সফল হয়েছিলেন। রবিবারও কি তাঁকে পরে নামতে দেখা যাবে? দুশখাতের জবাব, “তিলক যে পাঁচে বা ছয়ে নামবেই, এমন কোনও সিদ্ধান্ত আগে থেকে নিয়ে রাখিনি। সঞ্জু স্যামসন ওপেন করতে নেমে ভাল খেলেছে। বিপক্ষের দল দেখে আমরা সিদ্ধান্ত নেব কাকে কোথায় নামানো হবে। আমার মনে হয়েছে তিলক ১০ ওভারের আশেপাশে নামলে ভাল খেলে। যে ভাবে নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় সেটা দেখে খুব ভাল লাগে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement