বিশ্বকাপ জেতার পর সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও গৌতম গম্ভীর। ছবি: এক্স।
বিশ্বকাপ জয়ের পর তত ক্ষণে উল্লাস শেষ। সাংবাদিক বৈঠকও হয়ে গিয়েছে গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবের। সকলে হোটেলে ফেরার জন্য তৈরি। কিন্তু হঠাৎ দেখা গেল, ট্রফি নিয়ে বেরিয়ে গেলেন গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদব। বিশ্বকাপ ট্রফি নিয়ে অত রাতে কোথায় গেলেন ভারতের কোচ ও অধিনায়ক?
অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পাশেই রয়েছে হনুমান টেকরি মন্দির। সেখানেই পুজো দিতে গিয়েছিলেন গম্ভীর ও সূর্য। সঙ্গে ছিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তিন জন মিলে পুজো দেন। সূর্যের গলায় ছিল গাঁদা ফুলের মালা। পুজো দেওয়ার পর আবার স্টেডিয়ামে ফেরেন তাঁরা। সেখান থেকে দলের সঙ্গে হোটেল যান কোচ ও অধিনায়ক।
ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে গম্ভীরের পুজো দেওয়ার ট্র্যাডিশন চলছে। যেখানেই খেলা থাকুক, স্থানীয় মন্দিরে পুজো দিতে চলে যান ভারতীয় দলের কোচ। কখনও কলকাতার কালীঘাটে, কখনও পুরীর জগন্নাথ মন্দিরে, কখনও গুয়াহাটির কামাখ্যা, আবার কখনও মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে দেখা যায় গম্ভীরকে। তাঁর সঙ্গে কখনও সূর্য থাকেন, তো কখনও সহকারী সীতাংশু কোটাক। বিশ্বকাপ জেতার পরেও সেই ছবি দেখা গেল।
ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকে সাদা বলের ক্রিকেটে গম্ভীরের পারফরম্যান্স ঈর্ষণীয়। দু’বছরে দু’টি আইসিসি প্রতিযোগিতা খেলেছেন তিনি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’টিই জিতেছেন। বুঝিয়ে দিয়েছেন, সাদা বলের ক্রিকেটে তাঁকে হারানো কঠিন।
তবে পাশাপাশি লাল বলের ক্রিকেটে গম্ভীরের পারফরম্যান্স শোচনীয়। দেশের মাটিতে নিউ জ়িল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হয়েছে তাঁর দল। বার বার সমালোচনার মুখে পড়েছেন গম্ভীর। যদিও তত বারই সাদা বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স সকলের মুখ বন্ধ করে দিয়েছে। আরও এক বার সেটা দেখা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে।