IPL 2026

কুক-পিটারসেনের ঝগড়া লাগিয়ে দেওয়া ক্রিকেটার সুযোগ পেলেন আইপিএলে, প্রথম ম্যাচে অবদান মাত্র ১৪

তাঁকে নিয়ে ঝগড়া লেগে গিয়েছিল অ্যালিস্টার কুক এবং কেভিন পিটারসেনের। সেই জেকব বেথেল শুক্রবারই চলতি আইপিএলে প্রথম সুযোগ পেলেন। কিন্তু দাগ কাটতে পারলেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২৩:২৩
Share:

জেকব বেথেল। ছবি: পিটিআই।

গুজরাতের বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচের আগের দিন তাঁকে নিয়ে ঝগড়া লেগে গিয়েছিল ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার অ্যালিস্টার কুক এবং কেভিন পিটারসেনের। সেই জেকব বেথেল শুক্রবারই চলতি আইপিএলে প্রথম সুযোগ পেলেন। কিন্তু দাগ কাটতে পারলেন না। ওপেন করতে নেমে আউট হয়েছেন মাত্র ১৪ রানে।

Advertisement

শুক্রবার টসের সময় বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটীদার জানান, হালকা চোটের কারণে ফিল সল্ট খেলতে পারবেন না। তাঁর জায়গায় দলে এসেছেন বেথেল। এর আগে বেঙ্গালুরুর হয়ে পরিবর্ত ফিল্ডার হিসাবে খেললেও এই মরসুমে প্রথম বার ম্যাচ খেলতে নেমেছিলেন বেথেল।

তিনটি চার মেরে শুরুটা ভালই করেছিলেন। তবে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে বেশি ক্ষণ ইনিংস টানতে পারেননি। মহম্মদ সিরাজের বলে শাহরুখ খানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ১০ বলে ১৪ রান করেন ইংরেজ ক্রিকেটার।

Advertisement

উল্লেখ্য, শুক্রবারের ম্যাচের আগে কুক জানিয়েছিলেন, বেথেলের মতো প্রতিভাবান ক্রিকেটারের রিজ়ার্ভ বেঞ্চে বসে থাকা উচিত নয়। তাই মরসুমের মাঝে আরসিবি ছেড়ে কাউন্টি ক্রিকেটে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ৪৫ বলে শতরান করেছিলেন বেথেল। কুক বলেছিলেন, ‘‘সিডনির হয়ে বিগ ব্যাশে খেলার সময় দেখেছি, ও উপরের দিকে নেমে দ্রুত রান করছে। ও তো ওপেনও করতে পারে। আইপিএলে তো খেলার সুযোগই পাচ্ছে না। প্রতিভা নষ্ট হচ্ছে। তার চেয়ে কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে ওপেন করুক। তাতে ইংল্যান্ডেরও লাভ হবে। ভবিষ্যতের ওপেনারকে পেয়ে যাব আমরা।’’

কিন্তু পিটারসেন জানিয়েছিলেন, আইপিএলে কোনও ক্রিকেটার মাঠের বাইরে বসে থাকলেও শেখার অনেক কিছু আছে। যে সুযোগ ছাড়া উচিত নয়। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘‘আইপিএলে থাকার অর্থ কী তা নিয়ে অ্যালেস্টেয়ার কুকের কোনও ধারণা নেই। বিশ্বের সেরা ক্রিকেটারদের আশপাশে থাকার মূল্য কী। তাই জেকব বেথেলকে নিয়ে ওর মতামত কী, তাতে কিছু যায় আসে না। জেকব, ভারতেই থাক এখন। জানি তুমি এখন মাঠে নামার সুযোগ পাচ্ছ না। তবে তুমি শিখছ। যেটা তোমাকে আরও ভাল ক্রিকেটার হতে সাহায্য করবে।’’ বেথেল নিজেও বলেছিলেন, আরসিবি দলের সঙ্গে থেকে উপকার হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement