IPL 2026

আইপিএল শুরুর ১৪ দিন আগে ধাক্কা দিল্লি ক‍্যাপিটালসে! মেন্টরের দায়িত্ব ছাড়লেন বিদেশি তারকা

২৮ মার্চ থেকে শুরু আগামী মরসুমের আইপিএল। তার দু’সপ্তাহ আগে সমস্যায় দিল্লি ক্যাপিটালস। সেই দলের মেন্টরের পদ ছেড়েছেন বিদেশি তারকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২২:৩২
Share:

(বাঁ দিক থেকে) দিল্লি ক্যাপিটালসের তিন ক্রিকেটার লোকেশ রাহুল, অক্ষর পটেল ও মিচেল স্টার্ক। —ফাইল চিত্র।

গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব নিয়েছিলেন কেভিন পিটারসেন। সেই পদ ছাড়লেন তিনি। ২৮ মার্চ থেকে শুরু আগামী মরসুমের আইপিএল। তার দু’সপ্তাহ আগে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন পিটারসেন।

Advertisement

শনিবার এক্স হ্যান্ডলে একটি পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পিটারসেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় সময় দিতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। পিটারসেন লেখেন, “আগামী মরসুমে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব সামলাতে পারব না। এই দায়িত্বের জন্য যতটা সময় প্রয়োজন তা দিতে পারব না।” নতুন মরসুমের জন্য দিল্লিকে শুভেচ্ছা জানিয়েছেন পিটারসেন। তিনি আরও লেখেন, “পরের মরসুমের জন্য দিল্লিকে শুভেচ্ছা। যদিও আমাকে আপনারা আবার ধারাভাষ্যকারের ভূমিকায় দেখতে পাবেন। আইপিএল বিশ্বের সেরা লিগ। আগামী মরসুমের জন্য মুখিয়ে রয়েছি।”

দিল্লির হয়ে আইপিএলে খেলেওছেন পিটারসেন। গত মরসুমে তাঁকে মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল। শুরুটা ভাল করেছিল দিল্লি। কিন্তু শেষ পর্যন্ত প্লে-অফে উঠতে পারেননি পিটারসেনরা। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে শেষ করেছিল দিল্লি। অক্ষর পটেলের নেতৃত্বে দিল্লি সাতটি ম্যাচ জিতেছিল। হেরেছিল ছ’টি ম্যাচ। একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। ১৫ পয়েন্ট পেয়েছিল তারা।

Advertisement

এ বারও অক্ষরের উপরেই ভরসা দেখিয়েছে দিল্লি। সঙ্গে লোকেশ রাহুল, কুলদীপ যাদব ও মিচেল স্টার্ককে ধরে রেখেছে তারা। ডেভিড মিলার, বেন ডাকেট, পাথুম নিশঙ্ক, লুঙ্গি এনগিডি, কাইল জেমিসেনদের নিলামে কিনেছে তারা। ১ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লির প্রথম ম্যাচ। এখন দেখার, দু’সপ্তাহের মধ্যে দিল্লি নতুন মেন্টর নিয়োগ করতে পারে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement