IPL 2026

হাড়ে চিড় ধরা বরুণকে জোর করে খেলিয়ে চলেছে কেকেআর! বিতর্কের মাঝে মুখ খুললেন দলের প্রধান কোচ

বাঁ পায়ের হাড়ে চিড় ধরেছে বরুণ চক্রবর্তীর। তার পরেও তাঁকে খেলিয়ে চলেছে কলকাতা নাইট রাইডার্স। শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে মুখ খুললেন দলের প্রধান কোচ অভিষেক নায়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ২০:৩৭
Share:

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

বরুণ চক্রবর্তীকে দেখে বোঝা যাচ্ছে, ভাল করে হাঁটতে পারছেন না। কষ্ট করে বল করছেন তিনি। কোনও রকমে চার ওভার বল করেই উঠে যাচ্ছেন। বাঁ পায়ের হাড়ে চিড় ধরেছে বরুণের। তার পরেও তাঁকে খেলিয়ে চলেছে কলকাতা নাইট রাইডার্স। শুরু হয়েছে বিতর্ক। এই বিষয়ে মুখ খুললেন দলের প্রধান কোচ অভিষেক নায়ার।

Advertisement

রবিবার ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, “১০০ শতাংশ ফিট না থাকলেও ক্রিকেটারেরা খেলতে নামে। আমার মতে, এত বড় লিগে বেশির ভাগ ক্রিকেটারই ১০০ শতাংশ ফিট থাকেন না। দেখবেন, প্রতি দলেই কয়েক জন ক্রিকেটার চোটে রয়েছেন। সেটা নিয়েই তাঁরা খেলেন।”

দিল্লির বিরুদ্ধেই চোট পেয়েছিলেন বরুণ। তার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। টানা চার ম্যাচ জেতার পর সেই ম্যাচে হেরেছিল কেকেআর। ফলে বাধ্য হয়ে বরুণকে পরের দুই ম্যাচ খেলিয়েছে তারা। দু’টি ম্যাচই জিতেছে কেকেআর।

Advertisement

কয়েক দিন আগে বরুণের চোটের প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া জানিয়েছিলেন, বরুণের খেলার বিষয়ে বোর্ডের হাত-পা বাঁধা। সংবাদসংস্থা পিটিআইকে শইকীয়া বলেছিলেন, ‘‘আইপিএলের সময় ফ্র্যাঞ্চাইজ়িগুলোই ক্রিকেটারদের চোট এবং ফিটনেসের খেয়াল রাখে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের ফিজিয়োরাও ক্রিকেটারদের উপর নজর রাখেন। কোন ক্রিকেটারের উপর কতটা চাপ পড়ছে, তা পর্যবেক্ষণ করেন। ক্রিকেটারদের কী করে ফিট রাখা যায়, তার পরিকল্পনাও করেন।’’

তা হলে বোর্ডের কোনও নিয়ন্ত্রণ নেই? শইকিয়া মেনে নিয়েছিলেন, আইপিএলের সময় বিসিসিআইয়ের এক্তিয়া সীমিত। বোর্ড সচিব বলেছিলেন, ‘‘নজরদারি অবশ্যই থাকে। তবে আইপিএলের সময় আমরা খুব বেশি হস্তক্ষেপ করতে পারি না। ঘটনাটা ভারতীয় দলের ক্ষেত্রে হলে আমাদের অনেক বেশি নিয়ন্ত্রণ থাকত।’’ তিনি আরও বলেছেন, ‘‘আমরা ফ্র্যাঞ্চাইজ়িগুলোকে খেলোয়াড়দের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা দিচ্ছি। জাতীয় দল নির্বাচনের সময় আমরা ক্রিকেটারদের ফিটনেস খতিয়ে দেখি।’’

অভিষেক অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, দল বরুণকে জোর করে খেলাচ্ছে না। বরুণ নিজের ইচ্ছাতেই খেলছেন। তিনি বলেন, “বরুণ ফর্মে আসার পরেই চোট পেল। ইতিমধ্যেই ওর কয়েকটা পেশিতে চোট লেগেছে। তার আগে আঙুলে লেগেছিল। গোড়াতি লেগেছিল। কিন্তু ব্যথা সহ্য করেও ও খেলতে পারে। এটাই বরুণ চক্রবর্তী। ওকে কেউ জোর করেনি। ও নিজের ইচ্ছায় খেলছে।”

অভিষেক জানিয়েছেন, বরুণকে দেখে শান্ত মনে হলেও দলের জন্য ওঁর আবেগের তুলনা হয় না। কেকেআরের প্রধান কোচ বলেন, “ও খুবই আবেগপ্রবন। দলের জন্য ও নিজের সবটা দিতে পারে। ও নিজেই এই পরিস্থিতিতেও খেলতে চেয়েছে। আমরা ওকে কিছু বলিনি। আমরা জানি, চোট নিয়ে খেলা কতটা কঠিন। কিন্তু ও এটা করতে চায়। দলকে বরুণ এতটাই ভালবাসে যে, চোটের কথা ভাবছেই না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement