বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।
আইপিএলে ব্যাট হাতে নামলে ঝড় তুলে দেয় সে। কোনও বোলারকেই রেয়াত করে না। চলতি আইপিএলে ১৩ ম্যাচে ৫৭৯ রান করে বেগনি টুপির দৌড়েও রয়েছে। তবে বৈভব সূর্যবংশীকে কোনও ম্যাচেই ফিল্ডিং করতে দেখা যায় না। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে সে শুধু রাজস্থানের ব্যাটিংয়ের সময়েই নামে। কেন তাকে দিয়ে ফিল্ডিং করানো হয় না? উত্তর দিয়েছেন রাজস্থানের সহকারী কোচ ট্রেভর পেনি।
কিছু দিন আগে দুই প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ এবং সঞ্জয় মঞ্জরেকর সমালোচনা করেছিলেন রাজস্থানের। কেন বৈভবকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে খেলানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে জানিয়েছিলেন, ফিল্ডিংও একটি গুরুত্বপূর্ণ কাজ। ফিল্ডিং না করলে একজন ক্রিকেটারের সম্পূর্ণ উন্নতি হয় না।
বৈভব আনফিট বা ফিল্ডিং করতে পারেন না, এ কথা একদমই মানতে চাননি পেনি। তিনি বলেছেন, “বৈভব খুব ভাল ফিল্ডার। দারুণ ক্যাচ ধরতে পারে। ঝাঁপিয়ে পড়ে বল বাঁচাতে পারে। অনুমানক্ষমতাও ভাল। তবে ওকে তুলে নেওয়া আমাদের দলের কৌশল। যে হেতু ও ওপেন করে, তাই দ্বিতীয় ইনিংসে যাতে তরতাজা হয়ে নামতে পারে তার জন্য ওকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হয়।”
পেনি আরও বলেছেন, “ঠিক কী কারণ সেটা বলা মুশকিল। দারুণ ফিল্ডার হওয়া সত্ত্বেও কেন ওকে খেলাচ্ছি না, এমন প্রশ্ন তোলার অর্থ নেই। এটা পরিস্থিতির উপর নির্ভর করে। কখনও সখনও ওর থেকে একটু ভাল ফিল্ডার মাঠে নামালে বেশি লাভ। আসলে ব্যাটিংয়ের সময় ওকে তরতাজা রাখাই আমাদের লক্ষ্য।”
বৈভবের ফিটনেস নিয়ে প্রশ্নও উড়িয়ে দিয়েছেন পেনি। তাঁর কথায়, “বৈভব রান নেওয়ার সময় জোরে দৌড়তে পারে। কিন্তু ওর তো খুচরো রান নেওয়ার খুব একটা দরকারই পড়ে না। ওকে বেশি বিশ্রাম দিলে ক্ষতি কী? আগের ম্যাচেই দেখুন। ১০-১১ বল খেলেছে। কিন্তু দলকে জেতাতে এতটাই মরিয়া ছিল যে প্রথম বল থেকে চালায়নি।”