লাল ও গোলাপি বল নিয়ে ভাবনাচিন্তা আইসিসি-র। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
আগামী ৩০ মে অহমদাবাদে আইসিসি-র বোর্ড বৈঠক বসতে চলেছে। সব ঠিক থাকলে সেখানে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, একটি টেস্টে লাল এবং গোলাপি দুই বলেই খেলা হতে পারে। পাশাপাশি, এক দিনের ক্রিকেটে জলপানের বিরতিতে মাঠে ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন কোচ।
এই মুহূর্তে হয় লাল বল, না হলে গোলাপি বলে টেস্ট খেলা হয়। গোলাপি বলে খেলা হয় দিন-রাতের টেস্টে। লাল বলের ক্ষেত্রে শুধু দিনের বেলাতেই টেস্ট খেলা হয়। তবে অনেক ক্ষেত্রেই দিনের বেলার টেস্টে আবহাওয়ার কারণে খেলা বন্ধ রাখতে হয়। সে ক্ষেত্রে যদি দুই দলই রাজি থাকে, তা হলে আলোর নীচে গোলাপি বলে খেলা চালানো হতে পারে।
ঠিক কী কী প্রস্তাব দেওয়া হয়েছে তা এখনও অস্পষ্ট। কী ভাবে একটি ম্যাচে লাল বল থেকে গোলাপি বলে খেলা আয়োজন করা যাবে তা এখনও পরিষ্কার নয়। আপাতত ঠিক হয়েছে, দুই দলের মৌখিক ভিত্তিতেই বলের রং পরিবর্তন করা হবে। নিয়ম চালু হতে পারে ১ অক্টোবর থেকে।
পাশাপাশি, এক দিনের ক্রিকেটে এখনকার নিয়মে জলপানের বিরতিতে শুধু পরিবর্ত ক্রিকেটারেরই মাঠে ঢুকতে পারেন। তাঁরাই কোচের বার্তা নিয়ে পৌঁছে দেন ক্রিজ়ে থাকা দুই ক্রিকেটারকে। তাঁকে সঠিক ক্রিকেটীয় পোশাক পরে থাকতে হয়। আগামী দিনে কোচও সেই সময় মাঠে ঢুকতে পারেন। তবে তাঁকে ক্রিকেটের বেশে থাকতে হবে কি না তা স্পষ্ট নয়।
এখন এক দিনের ক্রিকেটে ১ ঘণ্টা ১০ মিনিট অন্তর দু’টি জলপানের বিরতি থাকে। তবে টি-টোয়েন্টিতে জলপানের বিরতিতে কোচের মাঠে ঢোকার নিয়ম আগে থেকেই রয়েছে।
পাশাপাশি, টি-টোয়েন্টিতে দুই ইনিংসের বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ১৫ মিনিট করা হতে পারে। এ ছাড়া, কোনও বোলারের অ্যাকশন অবৈধ কি না জানতে মাঠের আম্পায়ারেরা হকআই তথ্যের সাহায্য নিতে পারেন। বৃহস্পতিবার আইসিসি-র ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। সেখানে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।