Pakistan Hockey Federation

পাকিস্তানে ভাতা বিতর্ক! সুরুচি সঙ্ঘের মহিলা ফুটবলারদের থেকেও কম টাকা পাচ্ছেন পাক হকি খেলোয়াড়েরা

বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের জাতীয় দলের হকি খেলোয়াড়েরা। অথচ তাঁরা দৈনিক ভাতাও ঠিক মতো পাচ্ছেন না। ফেডারেশনের উপর আস্থা হারিয়েছেন পাক হকি খেলোয়াড়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৪:৫১
Share:

পাকিস্তানের হকি দল। —ফাইল চিত্র।

পাকিস্তান হকির আর্থিক অনটনের কথা জানা গিয়েছিল আগেই। আরও এক বার পাকিস্তানের হকি খেলোয়াড়দের দুরবস্থার কথা প্রকাশ্যে এল। পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) আর্থিক অবস্থা এতটা খারাপ যে, জাতীয় দলের খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে দৈনিক ভাতাও ঠিক মতো পাচ্ছেন না।

Advertisement

কয়েক দিন আগে কলকাতা ফুটবল লিগের ক্লাব সুরুচি সংঘের মহিলা দলের ফুটবলারদের ভাতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে এক ফুটবলার প্রশ্ন তোলেন, “মাত্র ১২৫ টাকায় কী হবে? একটা বিস্কুট কিনতে গেলেও ২০ টাকা লাগে। লাঞ্চের জন্য ১২০ টাকা লাগে। কী করে এই খরচ সামলাব?” কিছু ক্ষণ পরে আরও একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক ফুটবলার অবশ্য বলেন, “আমাদের ৪৮০০ টাকা করে দেওয়া হয়েছে। ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এতে আমাদের হয়ে যাবে।”

একই অবস্থা পাকিস্তানের জাতীয় হকি দলেরও। বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের জাতীয় দলের হকি খেলোয়াড়েরা। অথচ তাঁরা দৈনিক ভাতাও ঠিক মতো পাচ্ছেন না। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আর্থিক সমস্যার কারণে জাতীয় শিবিরের খেলোয়াড়দের দৈনিক ভাতা ১১ ডলার (পাকিস্তানের ৩০০০ টাকা) থেকে কমিয়ে করা হয়েছে সাড়ে তিন ডলার (পাকিস্তানের ১০০০ টাকা)। অর্থাৎ ভারতীয় মূল্যে পাকিস্তানের হকি খেলোয়াড়দের দৈনিক ভাতা ১০৫৩ টাকা থেকে কমে হয়েছে ৩৩৫ টাকা। অভিযোগ সেই টাকাও ঠিক মতো পাচ্ছেন না খেলোয়াড়েরা।

Advertisement

অগস্টে বিশ্বকাপ হবে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে। বিদেশ সফরে গেলে কোচ এবং খেলোয়াড়দের ১১০ ডলার (প্রায় সাড়ে ১০ হাজার টাকা) করে দৈনিক ভাতা পাওয়ার কথা। সেই টাকা পাওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়। পিএইচএফের এক কর্তা জানিয়েছেন, প্রস্তুতি শিবিরে থাকা সিনিয়র খেলোয়াড়েরা ফেডারেশনকে প্রাপ্য দৈনিক ভাতার বিষয়টি নিশ্চিত করার অনুরোধ করেছেন।

জাতীয় দলের এক খেলোয়াড় পিটিআইকে বলেছেন, ‘‘মিশরে বিশ্বকাপের বাছাই পর্ব-সহ বিদেশ সফরগুলোর জন্য আমরা ১১০ ডলার করে দৈনিক ভাতা পাব বলে জানানো হয়েছে। কিন্তু যতক্ষণ আমরা হাতে টাকা না পাচ্ছি, ততক্ষণ কোনও বিশ্বাস নেই। আগেও আমাদের নানা প্রতিশ্রুতি দিয়েও রাখেননি ফেডারেশন কর্তারা।’’ আর এক খেলোয়াড় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘‘আমাদের ৩৩৫ টাকা করে দৈনিক ভাতা দেওয়া হবে বলা হয়েছে। এটা সত্যি হলে জাতীয় শিবিরের খেলোয়াড়দের জন্য অত্যন্ত অপমানজনক হবে।’’

দল নির্বাচন নিয়েও তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী মাসে ইংল্যান্ড এবং বেলজিয়ামে এফআইএইচ প্রো লিগের ম্যাচ খেলতে যাবে পাকিস্তান। গত বৃহস্পতিবার ২০ জনের দল ঘোষণা করা হয়েছে। কিন্তু দলে রাখা হয়নি অধিনায়ক শাকিল আম্মাদ বাটকে। গত অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরে পিএইচএফ বিরুদ্ধে অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন বাট। সম্ভবত সে কারণেই তাঁকে দলে রাখা হয়নি। এই সিদ্ধান্তে খুশি নন জাতীয় দলের অন্য খেলোয়াড়েরা। দলে বাটকে ফেরানোর দাবি জানানো হয়েছে। বাটের নেতৃত্বেই প্রো লিগ এবং বিশ্বকাপ খেলতে চান তাঁরা। উল্লেখ্য, ২০২৫ সালের শুরুতে অধিনায়ক করা হয়েছিল বাটকে। আগামী জুনে প্রো লিগে পাকিস্তানের প্রতিপক্ষ বেলজিয়াম, স্পেন, ইংল্যান্ড এবং ভারত। ম্যাচগুলি হবে ১৩ থেকে ২৭ জুনের মধ্যে। তার পর বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তান।

সুরুচি সংঘের সচিব স্বরূপ বিশ্বাস তখনই জানিয়ে দেন, টাকা পয়সা মিটিয়ে দেওয়া হয়েছে। ক্লাবের বদনাম করতেই এমন কাজ করা হয়েছে। পিএইচএফের পক্ষে এমন দাবি করার বা আশ্বাস দেওয়ারও কেউ নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement