(বাঁ দিকে) যুবভারতীর বিতর্কিত সেই মূর্তি। ভেঙে ফেলা হয়েছে মূর্তিটি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে সরিয়ে ফেলা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এবং নকশায় তৈরি মূর্তি। ২০১৭ সালে যুব বিশ্বকাপের সময় বিতর্কিত মূর্তিটি বসানো হয়। আইএসএলের ডার্বি দেখতে গিয়ে মূর্তিটি সরিয়ে ফেলার কথা বলেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
ওই মূর্তিতে কোমর থেকে পা পর্যন্ত শরীরের উপর পৃথিবী এবং তার উপর বিশ্ববাংলার লোগো ছিল। দু’পায়ে ছিল দু’টি ফুটবল। প্রথম থেকেই এই মূর্তি নিয়ে নানা প্রশ্ন ছিল। তা নিয়ে ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, ‘‘এ রকম অদ্ভুত, বিদঘুটে একটা মূর্তি। একটা কাটা পা, তার উপর ফুটবল। আমার মনে হয় এই মূর্তিটি বসানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন শুরু হয়ে গিয়েছিল। এমন একটা অর্থহীন মূর্তির কোনও প্রয়োজন নেই। আমরা পরিবর্তন করব।’’
মন্ত্রীর ইঙ্গিত মতোই শুক্রবার মধ্যরাতে সরিয়ে ফেলে হয়েছে মূর্তিটি। তবে গোড়া থেকে উপড়ে ফেলা হয়নি। মূর্তির দু’পায়ের মোজার উপরের অংশ কেটে সরিয়ে দেওয়া হয়েছে। এখনও এক জোড়া মোজা এবং জুতোর সঙ্গে দু’টি বল থেকে গিয়েছে। বাকি অংশটিও সম্ভবত সরিয়ে দেওয়া হবে।
মূর্তি নিয়ে প্রথম থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভ ছিল। তুমুল সমালোচনা হলেও পূর্বতন সরকার কোনও পদক্ষেপ করেনি। নতুন সরকার এসে যুবভারতীর সামনে থেকে বিতর্কিত মূর্তিটি সরিয়ে দিল।