Vashu Bhagnani Slams David Dhawan and Varun Dhawan

গান ও ছবির গল্প ‘চুরি’র অভিযোগ! ‘কুলি নং ১’-এর অসাফল্যের দায়ও ডেভিড-বরুণের? বিস্ফোরক প্রযোজক

গত বছর, ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’ ছবির সেট থেকে একটি ভিডিয়ো ফাঁস হয়ে যায়। সেখানে দেখা যায় যে, জনপ্রিয় ‘চুনরি চুনরি’ গানের একটি নতুন সংস্করণ তৈরি করা হয়েছে। সেই থেকেই শুরু বিতর্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৩:০৮
Share:

ডেভিড ধবন ও বরুণ ধবনের বিরুদ্ধে কী কী অভিযোগ? ছবি: সংগৃহীত।

সম্প্রতি পরিচালক ডেভিড ধবন ও অভিনেতা বরুণ ধবনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান প্রযোজক বাশু ভগনানী। প্রযোজকের ১৯৯৯ সালের ছবি ‘বিবি নং ১’-এর জনপ্রিয় গান ‘চুনরি চুনরি’। সেটি ডেভিড তাঁর নতুন ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’-তে ব্যবহার করেছেন, যাতে ক্ষুব্ধ বাশু। এই ছবিতে অভিনয় করছেন বরুণ ধবন, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে।

Advertisement

গত বছর, ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’ ছবির সেট থেকে একটি ভিডিয়ো ফাঁস হয়ে যায়। সেখানে দেখা যায় যে, জনপ্রিয় ‘চুনরি চুনরি’ গানের একটি নতুন সংস্করণ তৈরি করা হয়েছে। সেই গানে তিন তারকাকে নাচ করতেও দেখা যায়। সেই ভিডিয়ো ছ়ড়িয়ে পড়ার পরেই পুরনো ছবির প্রযোজনা সংস্থা ‘পূজা এন্টারটেনমেন্ট’ ও নতুন ছবির গানের দায়িত্বে থাকা ‘টিপ্‌স মিউজ়িক’-এর মধ্যে স্বত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়।

বাশুর অভিযোগ, ২০২০ সালে যে ‘কুলি নং ১’ ছবির অসাফল্যের দায় বরুণ বা ডেভিড, কেউই নেননি। এর ফলে নাকি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে বাশুর প্রযোজনা সংস্থা।

Advertisement

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে বাশু জানান, ‘বিবি ন‌ং ১’ ছবির গান ব্যবহারের অধিকার ‘টিপ্‌স’-এর নেই। তাঁর আরও দাবি, নতুন ছবির গল্পের সঙ্গে মিল রয়েছে পুরনো ছবির গল্পেরও। উল্লেখ্য, ‘বিবি ন‌ং ১’ ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান, সুস্মিতা সেন ও করিশ্মা কপূর। বাশুর অভিযোগ, ‘কুলি নং ১’ ছবির জন্য প্রায় ২৭ কোটি টাকার ক্ষতি হয়েছিল তাঁর। ওই ছবিতে নাকি তিনি কেবল নামেই প্রযোজক ছিলেন, অভিযোগ বাশুর। তিনি বলেন, “ছবির সম্পূর্ণ প্রযোজনা ও খরচের দায়িত্ব নিয়েছিলেন ডেভিডজি। এমনকি ওই ছবি তৈরির জন্য বিপুল টাকা দিয়েছিলাম আমি ডেভিডজিকে। প্রায় ৭০ কোটি টাকা পারিশ্রমিক দিয়েছিলাম, যা ওঁর প্রাপ্যের থেকে অনেক বেশি।”

তিনি বলেন, “কোভিডের সময়ে ডেভিড আশ্বস্ত করেছিলেন যে, আমার যা ক্ষতি হয়েছে তা ভবিষ্যতে পূরণ করে দেবেন ওঁরা। তিনিই ‘বিবি ন‌ং ১’ নিয়ে কাজ করার কথা বলেন। সেই মতো আমরা প্রায় ছয় মাস ওই ছবি নিয়ে কাজ করলাম। এর পরে হঠাৎ এক দিন রোহিত ধবন (ডেভিড ধবনের বড়ছেলে) আমাকে জানান যে, চিত্রনাট্য তৈরি হয়নি। এটা সৃজনশীল কাজ, ফলে তাড়াহুড়ো করব না বলেই ঠিক করি। ভেবেছিলাম, আরাম করে ছবিটা তৈরি করব।” বাশুর আক্ষেপ, এত বড় ক্ষতির পরে বরুণও কোনও দিন খোঁজ নেননি। “বরুণ কোনও দিন জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করেনি যে, আমার ক্ষতি হয়েছে, কে পূরণ করবে সেগুলো”, হতাশার সুরে বলেন প্রযোজক।

করোনা অতিমারির কারণে বরুণ ও সারা আলি খান অভিনীত ‘কুলি ন‌ং ১’ সরাসরি মুক্তি পায় ওটিটি-তে। কিন্তু, সমালোচক ও দর্শকের থেকে প্রবল নেতিবাচক প্রতিক্রিয়া পায় এই ছবি।

বাশু আরও জানান, ‘চুনরি চুনরি’ গানটি নতুন ছবিতে ব্যবহারের খবর পেয়ে তিনি ব্যক্তিগত ভাবে ডেভিডকে ফোন করেছিলেন। সেই সময় তিনি জানতে পারেন যে, ‘টিপ্‌স’-এর রমেশ তুরানি ও ডেভিড একসঙ্গে কাজ করছেন, যা তাঁকে ব্যথিত করে। বাশু দাবি করেন, ‘বিবি ন‌ং ১’ মুক্তির সময়ে গানগুলির ‘অডিয়ো স্বত্ব’ ওই মিউজ়িক সংস্থাকে বিক্রি করা হয়েছিল। কিন্তু, এখন এই বিষয়ে আলোচনা করতে সংশ্লিষ্ট সংস্থার কেউই নাকি বাশুর সঙ্গে দেখা করতে রাজি হচ্ছেন না। ফলে বিতর্ক এখনও চলছে। আগামী ৫ জুন ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement