IPL 2026

কোভিডে আক্রান্ত হওয়ায় মৃত্যুর অভিশাপ পেয়েছিলেন বরুণ! পাঁচ বছর আগের স্মৃতি মনে করালেন কেকেআর স্পিনার

পাঁচ বছর আগের একটি খারাপ অভিজ্ঞতার স্মৃতি মনে করালেন বরুণ চক্রবর্তী। জানালেন, কোভিডে আক্রান্ত হওয়ায় কিছু ব্যক্তির থেকে মৃত্যুর অভিশাপ পেয়েছিলেন তিনি। অনেকেই খারাপ মন্তব্য করেছিলেন সে সময়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৬:৪৯
Share:

বরুণ চক্রবর্তী। — ফাইল চিত্র।

ক্রিকেটজীবনে অনেক খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। পাঁচ বছর আগের সে রকমই একটি খারাপ অভিজ্ঞতার স্মৃতি মনে করালেন বরুণ চক্রবর্তী। কেকেআরের স্পিনার জানালেন, কোভিডে আক্রান্ত হওয়ায় কিছু ব্যক্তির থেকে মৃত্যুর অভিশাপ পেয়েছিলেন তিনি। অনেকেই খারাপ মন্তব্য করেছিলেন সে সময়।

Advertisement

২০২১-এ কোভিডের কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। কোভিডে আক্রান্ত হওয়া প্রথম ক্রিকেটার ছিলেন বরুণ। কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচের আগে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। প্রথমে সেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হলেও পরিস্থিতি এমন হয় যে গোটা প্রতিযোগিতাই সাময়িক ভাবে বন্ধ করে দেয় বোর্ড। ২৯টি ম্যাচের পর মরসুম বন্ধ হয়ে যায়। বরুণের সঙ্গেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন সন্দীপ ওয়ারিয়র।

সেই সময়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বরুণ বলেছেন, “২০২১-এর আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। আমার কোভিড হওয়ায় মাঝপথেই প্রতিযোগিতা বন্ধ হয়ে গিয়েছিল। আমিই প্রথম কোভিডে আক্রান্ত হয়েছিলাম।”

Advertisement

শোনা গিয়েছিল, দলগুলির জন্য তৈরি হওয়া জৈব বলয় থেকে বেরিয়ে যাওয়ার কারণেই সংক্রামিত হয়েছেন বরুণ। আইপিএল বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটি ভাল ভাবে নেননি সমর্থকেরা। বরুণের কথায়, “অনেকেই তখন আমায় খারাপ খারাপ কথা বলেছেন। সেই সময় আইপিএল ছিল লোকের সময় কাটানোর উপায়। সেটাও বন্ধ হয়ে যাওয়ায় অনেকে রেগে গিয়েছিলেন। লোকে আমাকে বলেছে, ‘তুমি মরে যাচ্ছো না কেন’? এতটাই খারাপ ছিল আমার অভিজ্ঞতা।”

খারাপ অধ্যায়ের মধ্যেও সে বার ভাল খেলেছিলেন বরুণ। কলকাতা ফাইনালে উঠলেও হেরে গিয়েছিল চেন্নাইয়ের কাছে। এ বারও নজর রয়েছে বরুণের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement