IPL 2026

আইপিএলের হাতছানি! আরও এক ক্রিকেটার পাকিস্তানকে বুড়ো আঙুল দেখিয়ে সই করে দিলেন ভারতের ক্রিকেট লিগে

পাকিস্তান সুপার লিগে সই করা পেসার ব্লেসিং মুজ়ারাবানিকে কয়েক দিন আগে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ বার পাকিস্তানের লিগ থেকে আর এক ক্রিকেটার যোগ দিলেন আইপিএলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৫:১৯
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

পথ দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই পথে এ বার হাঁটল রাজস্থান রয়্যালস। পাকিস্তান সুপার লিগে সই করা পেসার ব্লেসিং মুজ়ারাবানিকে সই করিয়েছে কেকেআর। এ বার দাসুন শনকাকে সই করাল রাজস্থান। তিনিও নাম লিখিয়েছিলেন পাকিস্তান সুপার লিগে। আইপিএলের হাতছানিতে পাকিস্তান সুপার লিগকে বুড়ো আঙুল দেখাচ্ছেন একের পর এক ক্রিকেটার।

Advertisement

আইপিএলের আগে চোট পেয়েছেন রাজস্থানের অলরাউন্ডার স্যাম কারেন। পাওয়া যাবে না তাঁকে। কারেনের পরিবর্ত হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক শনকাকে সই করিয়েছে রাজস্থান। আইপিএলের নিলামে দল পাননি শনকা। ফলে পাকিস্তান সুপার লিগের দল লাহৌর কলন্দর্সে সই করেছিলেন তিনি। সেখান থেকে শনকা চলে আসছেন আইপিএল খেলতে।

আইপিএলের নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কেকেআর। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুরকে বাদ দিতে বাধ্য হয় কেকেআর। তার প্রতিবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। মুস্তাফিজুরের পরিবর্ত হিসাবে মুজারাবানিকে নেয় কেকেআর।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলেছিলেন মুজ়ারাবানি। জ়িম্বাবোয়ে সুপার এইট থেকে বিদায় নিলেও তিনি ১৩টি উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০৬টি উইকেট রয়েছে তাঁর। এ ছাড়া বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়ান তিনি। ফলে যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে। সেই কারণে জ়িম্বাবোয়ের পেসারকে নিয়েছে কেকেআর। নতুন দল পেয়ে পাকিস্তানের লিগ ছেড়ে চলে এসেছেন মুজারাবানি।

তবে এই ঘটনার পর ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইসলামাবাদ ইউনাইটেডে ছিলেন মুজ়ারাবানি। অবশ্য আইপিএল খেলার জন্য পাকিস্তান সুপার লিগের চুক্তি ভাঙার ঘটনা এর আগেও ঘটেছে। গত মরসুমে একই ভাবে পেশোয়ার জ়ালমির চুক্তি ভেঙে মুম্বই ইন্ডিয়ান্সে সই করেছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ। ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন পিসিবি কর্তারা। পিএসএল কর্তৃপক্ষ মুজ়ারাবানির উপর নিষেধাজ্ঞা চাপাতে পারেন। সে ক্ষেত্রে আগামী কয়েক বছর মুজ়ারাবানি পিএসএল খেলতে পারবেন না। একই ঘটনা ঘটতে পারে শনকার সঙ্গেও। তাতে যে ক্রিকেটারদের খুব একটা হেলদোল নেই, তা পর পর একই ঘটনা থেকে প্রমাণিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement