মাথিশা পাথিরানা। ছবি: এক্স।
অবশেষে মুখ খুলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারা জানিয়ে দিয়েছে, মাথিশা পাথিরানা এ বারের আইপিএলে খেলতে পারবেন কি না, ৪৮ ঘণ্টার মধ্যে তা জানিয়ে দেওয়া হবে কলকাতা নাইট রাইডার্সকে। শুধু পাথিরানা নন, শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে এই ৪৮ ঘণ্টার মধ্যে।
শ্রীলঙ্কার চার ক্রিকেটার আইপিএলের দল পেলেও এখনও যোগ দিতে পারেননি। কেকেআরের পাথিরানা ছাড়া তালিকায় রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের ওয়ানিন্দু হাসরঙ্গ, সানরাইজ়ার্স হায়দরাবাদের ইশান মালিঙ্গা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নুয়ান তুষারা। আইপিএলের এই দলগুলিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, সোম ও মঙ্গলবার এই চার ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে, চার জনকে আইপিএলে খেলার অনুমতি (এনওসি) দেওয়া হবে কি না। অর্থাৎ, ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আইপিএলের নিলামে দল পেয়েছেন শ্রীলঙ্কার সাত ক্রিকেটার। এই চার জন বাদে দিল্লি ক্যাপিটালসের দুষ্মন্ত চামিরা ও পাথুম নিসঙ্ক এবং হায়দরাবাদের কামিন্দু মেন্ডিস দলের সঙ্গে যোগ দিয়েছেন। স্যাম কারেনের পরিবর্ত হিসাবে শ্রীলঙ্কার আর এক ক্রিকেটার দাসুন শনকাকে সই করিয়েছে রাজস্থান রয়্যালস। পাকিস্তান সুপার লিগের দল লাহৌর কলন্দর্সে ছিলেন তিনি। আইপিএলে সুযোগ পেয়ে পাকিস্তানের দল ছেড়ে ভারতে আসছেন তিনি।
গত নিলামে পাথিরানাকে ১৮ কোটি টাকায় কিনেছে কেকেআর। চেন্নাই থেকে কলকাতায় যোগ দিয়েছেন তিনি। তবে বিশ্বকাপে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল করার মাঝেই উঠে যান। বাকি বিশ্বকাপে আর খেলতে পারেননি। আপাতত চোটের অবস্থা অনেক ভাল হলেও দেশের অন্যতম সেরা পেসারকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় শ্রীলঙ্কা ক্রিকেট। তাই আইপিএলে খেলার জন্য পাথিরানাকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আগে তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।
সংবাদসংস্থাকে কেকেআরের এক কর্তা বলেছেন, “কবে পাথিরানা শিবিরে যোগ দেবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। তাই রোজই ওর টিকিট বুক করে আবার বাতিল করে দিতে হচ্ছে। নিয়মিত যোগাযোগ রয়েছে ওর সঙ্গে।”
এর মাঝেই পাথিরানার ম্যানেজারের একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অমিলা কালুগালাগে সমাজমাধ্যমে কেকেআর জার্সি গায়ে পাথিরানার একটি ছবি পোস্ট করেছেন। ইঙ্গিত দিয়েছেন, কেকেআরের হয়ে খেলার জন্য তৈরি এই জোরে বোলার। এখন দেখার, পাথিরানা ফিটনেস পরীক্ষা পাশ করতে পারেন কি না।