litton das vs mohammed rizwan

বাংলাদেশের কাছে হেরে লজ্জার নজির পাকিস্তানের, রিজ়ওয়ানকে কটাক্ষ লিটনের, ‘বলিউডে অভিনয় করতে চাও নাকি’?

বাংলাদেশের কাছে দ্বিতীয় টেস্টেও হেরে গেল পাকিস্তান। ফলে বাংলাদেশের মাটিতে চুনকাম হতে হল পাকিস্তানকে। ম্যাচের মাঝে লিটন দাস এবং মহম্মদ রিজ়ওয়ানের উত্তপ্ত বাক্যবিনিময় উত্তেজনা তৈরি করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৫:৩৭
Share:

রিজ়ওয়ান-লিটনের তর্কের মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

বাংলাদেশের কাছে দ্বিতীয় টেস্টেও হেরে গেল পাকিস্তান। ৭৮ রানে হেরেছে শান মাসুদের দল। ফলে বাংলাদেশের মাটিতে চুনকাম হতে হল পাকিস্তানকে। লজ্জার নজির তৈরি করেছে তারা। শুধু তাই নয়, ম্যাচের মাঝে লিটন দাস এবং মহম্মদ রিজ়ওয়ানের উত্তপ্ত বাক্যবিনিময় উত্তেজনা তৈরি করেছে।

Advertisement

দু’বছর আগে পাকিস্তানে গিয়ে তাদের ২-০ ব্যবধানে চুনকাম করেছিল বাংলাদেশ। এ বার বাংলাদেশে গিয়েও চুনকাম হল পাকিস্তান। ফলে তারাই প্রথম দল যারা বাংলাদেশের কাছে ঘরে এবং বাইরে, দু’জায়গাতেই চুনকাম হয়েছে। এই প্রথম বার বাংলাদেশ এমন একটি দেশকে চুনকাম করল যারা র‌্যাঙ্কিংয়ে তাদের উপরে।

লিটন এবং রিজ়ওয়ানের ঘটনাটি ঘটে ৭২তম ওভারে। বল করছিলেন তাইজুল ইসলাম। আচমকাই তাইজুলকে থামিয়ে দিয়ে সাইটস্ক্রিনের দিকে আঙুল দেখিয়ে কিছু নির্দেশ করতে থাকেন রিজ়ওয়ান। তখন উইকেটের পিছন থেকে লিটন বলেন, “এটা কী করছ?” রিজ়ওয়ান বলেন, “ও দিকে দেখো, ও দিকে দেখো।” লিটন বলেন, “ও দিকে তাকিয়ে কী করছ? এ দিকে তাকিয়ে ব্যাট করো।”

Advertisement

এর পরেই লিটনের সঙ্গে রিজ়ওয়ানের বাদানুবাদ শুরু হয়। সেই কথা স্পষ্ট ভাবে শোনা যায়নি। রিজ়ওয়ান লেগ আম্পায়ারের কাছে গিয়েও প্রতিবাদ করেন। বিষয়টি তখনকার মতো মিটে যায়। কিন্তু লিটনের টিপ্পনী থামেনি।

তাইজুল পরের বল করার পরেই লিটন বলেন, “কিছু রান করেছে। এখনই অভিনয় চালু করে দেবে।” তাইজুলের ওভার শেষ হওয়ার পর আবার লিটন বলেন, “বলিউডে গিয়ে অভিনয় করার চেষ্টা করছে মনে হয়।” তখন পাশ থেকে এক সতীর্থ বলেন, “না না, ওখানে জায়গাই পাবে না।” আরও এক সতীর্থ বলেন, “বাড়তি অভিনয়ের জন্য আমি ৫০ পয়সা কেটে নেব।” আবার লিটন বলেন, “নিজে অভিনয় করছে, আবার সকলকে শেখাচ্ছে। সকলেই জানে। রান করে জায়গা পাকা করেছে বলে এখন এত কথা বলছে।”

স্লেজিংয়ের বিরুদ্ধে আম্পায়ারের কাছে গিয়ে আবার নালিশ করেন রিজ়ওয়ান। তাতেও কিছু লাভ হয়নি। দ্বিতীয় টেস্টে ৪৩৭ রান লক্ষ্য ছিল পাকিস্তানের। তারা ৩৫৮ রানে শেষ হয়ে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement