maryam nawaz

মহিলা মুখ্যমন্ত্রীকে ‘রানি’ বলে বিপাকে পাকিস্তানের জোরে বোলার নাসিম, পোস্ট মুছে দিলেও চলছে বিতর্ক

পাকিস্তান সুপার লিগে এখনও খেলতে নামেননি নাসিম শাহ। তার আগেই বিতর্কে জড়িয়ে পড়লেন। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ়কে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন পাকিস্তানের বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৮:৫০
Share:

মারিয়ম নওয়াজ় (বাঁ দিকে) এবং নাসিম শাহ। — ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগে এখনও খেলতে নামেননি নাসিম শাহ। তার আগেই বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ়কে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন পাকিস্তানের বোলার। পরে পোস্টটি মুছে দিলেও শাস্তি পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Advertisement

এ বছর নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ়ের হয়ে খেলবেন নাসিম। প্রতিযোগিতার প্রথম দিনই তিনি বিতর্কে জড়িয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম ম্যাচ শুরু হওয়ার পর লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নওয়াজ়। তাঁকে স্বাগত জানান পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। সেই ছবি সমাজমাধ্যমে দেয় পাক বোর্ড।

ওই পোস্টটি উল্লেখ করে নাসিম লেখেন, “কেন ওঁকে সব সময় লর্ডসের রানির মতো সম্মান দেওয়া হয়?” সঙ্গে সঙ্গে নাসিমের পোস্ট ছড়িয়ে পড়ে। কিছু ক্ষণ পরেই সেই পোস্ট মুছে দেন নাসিম। পরে পাকিস্তানের জোরে বোলার আর একটি পোস্টে দাবি করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তা দ্রুত ঠিক করা হয়েছে। এখনও পর্যন্ত নাসিমের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। নাসিম নিজেই ওই পোস্ট করেছিলেন, না কি সত্যিই তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

এ দিকে, এমনিতে শুরুতেই বিতর্কে পিএসএল। বৃহস্পতিবার লাহৌর কলন্দর্স এবং হায়দরাবাদ কিংসমেনের ম্যাচ শুরুর কিছুক্ষণ পর বদলে যায় বলের রং। যা নিয়ে বিদ্রুপের শিকার হতে হয়েছে মার্নাস লাবুশেনের কিংসমেনকে।

ম্যাচ শুরুর সময় সব ঠিকঠাক ছিল। সাদা বলেই শুরু হয়েছিল খেলা। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক লাবুশেন। কিছুক্ষণ পর থেকেই বলের রং বদলাতে শুরু করে। প্রথমে বলের সাদা রঙের ঔজ্জ্বল্য কমতে শুরু করে। পরে বলটির রং পরিবর্তন হয়ে গোলাপি হয়ে যায়। পিএসএলের এই গোলাপি বলের ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

বলের সমস্যার জন্য রং পরিবর্তন হয়নি। বলের রং বদলে দেয় হায়দরাবাদের জার্সি। বল চকচকে রাখার জন্য ক্রিকেটারেরা সাধারণত জার্সি বা লোয়ারে বল ঘষেন। ক্রিকেট মাঠে যা অত্যন্ত পরিচিত। বৃহস্পতিবার লাবুশেনের দলের ক্রিকেটারেরাও বলের পালিশ ঠিক রাখার জন্য তাঁদের মেরুন জার্সিতে বল ঘষেন। ঘামে ভেজা জার্সির রং উঠে সাদা বলকে গোলাপি করে দেয়। স্বভাবতই জার্সির মান নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে অস্বস্তি ধরা পড়েছে লাবুশেনের কথাতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement