Brett Randell

টি২০ বিশ্বকাপ ফাইনালের আগে নজির নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারের, ২৫৪ বছরের ইতিহাসে প্রথম বোলার হিসাবে পর পর পাঁচ বলে ৫ উইকেট

১৭৭২টি প্রথম শ্রেণির ক্রিকেটে যা কখনও হয়নি, তাই করে দেখিয়েছেন নিউ জ়িল্যান্ডের জোরে বোলার ব্রেট র‌্যানডেল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগেই নজির গড়লেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৬:৫৩
Share:

ব্রেট র‌্যানডেল। ছবি: এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে নজির গড়লেন নিউ জ়িল্যান্ডের এক ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে প্রথম বোলার হিসাবে পর পর পাঁচ বলে ৫ উইকেট নিলেন ব্রেট র‌্যানডেল।

Advertisement

নেপিয়ারে প্লাঙ্কেট শিল্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট বনাম নর্দার্ন ডিস্ট্রিক্টের ম্যাচে নজির গড়েছেন র‌্যানডেল। টানা পাঁচ বলে ৫টি উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। অ্যাসোসিয়েশেন অফ ক্রিকেট স্ট্যাটিস্টিসিয়ান অ্যান্ড হিস্টোরিয়ান্স জানিয়েছে, এই ম্যাচের আগে ১৭৭২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়েছে বিশ্বজুড়ে। এতগুলি ম্যাচের একটিতেও কোনও দেশের কোনও ক্রিকেটার এমন কীর্তি গড়তে পারেননি। তবে গত বছর আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে পর পর পাঁচ বলে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। কোনও স্বীকৃত ক্রিকেটে ম্যাচে প্রথম বোলার হিসাবে পর পর পাঁচ বলে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন আইরিশ বোলার।

নিউ জ়িল্যান্ডের ৩০ বছরের জোরে বোলার র‌্যানডেল নর্দার্ন ডিস্ট্রিক্টের প্রথম সারির সব ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে র‌্যানডেল বোল্ড করেন নর্দার্ন ডিস্ট্রিক্টের ওপেনার হেনরি কুপারকে। এর পর নিজের তৃতীয় ওভারের প্রথম চারটি বলেই তিনি উইকেট পেয়েছেন। তৃতীয় ওভারের প্রথম বলে আউট করেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন টেস্ট ব্যাটার জিৎ রাভালকে। পরের তিনটি বলে র‌্যানডেল পর পর আউট করেছেন জো কার্টার, রবার্ট ওডোনেল এবং ক্রিস্টিয়ান ক্লার্ককে। তাঁর দাপটে নর্দার্ন ডিস্ট্রিক্ট বিনা উইকেটে ৪ রান থেকে ১১ রানে ৭ উইকেট হারায়। ইনিংসে সব মিলিয়ে ২৫ রানে ৭ উইকেট নিয়েছেন র‌্যানডেল। ৮২ রানেই শেষ হয়ে যায় নর্দার্ন ডিস্ট্রিক্টের ইনিংস। ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা র‌্যানডেলের এটাই সেরা পারফরম্যান্স।

Advertisement

ক্রিকেটে নতুন রেকর্ড গড়ে উচ্ছ্বসিত কিউয়ি বোলার বলেছেন, ‘‘বিশ্বাসই করতে পারছি না এমন একটা রেকর্ড গড়েছি। নিজেকে চিমটি কেটে বোঝার চেষ্টা করছি, ব্যাপারটা সত্যিই হয়েছে কিনা। আমি শুধু ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করেছি। হ্যাটট্রিক হওয়ার পর উৎসাহ বেড়ে যায়। একই জায়গায় বল করে যাওয়ার চেষ্টা করেছি। তাতেই সাফল্য এসেছে।’’

নিউ জ়িল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি র‌্যানডেলের। তবে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। তাঁর ব্যাটের হাতও খারাপ নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি অর্ধশতরান রয়েছে ৩০ বছরের ক্রিকেটারের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement