টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আরও একটি দল ছিটকে গেল। রবিবার প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হেরে অভিযান শেষ হয়ে গিয়েছিল নেপালের। দিনের দ্বিতীয় ম্যাচে আমেরিকার কাছে হেরে ছিটকে গেল নামিবিয়া।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। শুরু থেকেই ভাল খেলতে থাকে তারা। অধিনায়ক মোনাঙ্ক পটেল চালিয়ে খেলতে থাকেন। যোগ্য সঙ্গত দেন সায়ন জাহাঙ্গির। ওপেনিং জুটিতেই উঠে যায় ৬৮ রান। সায়ন (২২) ফেরার পর সাইতেজা মুক্কামাল্লাও (১৭) বেশি রান করতে পারেননি। তার আগেই ৩০ বলে ৫২ রান করে ফিরে যান মোনাঙ্ক।
এর পর দলের হাল ধরেন সঞ্জয় কৃষ্ণমূর্তি এবং মিলিন্দ কুমার। চতুর্থ উইকেটে ৮৭ রান যোগ করেন। ৩৩ বলে ৬৮ করেন কৃষ্ণমূর্তি। মেরেছেন চারটি চার এবং ছ’টি ছয়। ২০ ওভারে ১৯৯/৪ তোলে আমেরিকা।
নামিবিয়ারও শুরুটা খারাপ হয়নি। তবে একমাত্র লোরেন স্টিনক্যাম্প ছাড়া কেউ ক্রিজ়ে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেননি। ৩৯ বলে ৫৮ করেন স্টিনক্যাম্প। জেজে স্মিট ২৩ বলে ৩১ করেন। নির্ধারিত ওভারে ১৬৮/৬ তোলে নামিবিয়া। ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে নামিবিয়া।