IPL 2026

কেকেআরকে নিয়ে রসিকতা করে বিপাকে শ্রেয়সের বোন, হুমকি পেয়ে শ্রেষ্ঠাকে মুছে দিতে হল রিল

ইডেন গার্ডেন্সে কেকেআর-পঞ্জাব ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ার পর সমাজমাধ্যমে একটি রিল পোস্ট করেন শ্রেষ্ঠা আয়ার। তাতে কেকেআরকে নিয়ে কটাক্ষ ছিল। তাতে ক্ষুব্ধ হন কলকাতা সমর্থকদের একাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৪:৪৬
Share:

শ্রেষ্ঠা আয়ার। ছবি: এক্স।

সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হয়ে পোস্ট মুছলেন শ্রেয়স আয়ারের বোন শ্রেষ্ঠা আয়ার। কলকাতা নাইট রাইডার্স-পঞ্জাব কিংস ম্যাচের পর সমাজমাধ্যমে দাদার পাশে দাঁড়িয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। ক্রিকেটপ্রেমীদের একাংশের রোষে পড়ে সেটি মুছে দিলেন শ্রেষ্ঠা।

Advertisement

শ্রেয়সের নেতৃত্বে আইপিএল জেতার পরও কেকেআর কর্তৃপক্ষ তাঁকে দলে রাখেননি। সে কথা মনে করিয়ে দিয়ে দাদার পাশে দাঁড়িয়ে কিছুটা মজার ছলে কেকেআর বিরোধী একটি পোস্ট করেন শ্রেষ্ঠা। ইডেন গার্ডেন্সে কেকেআর-পঞ্জাব ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ার পর সমাজমাধ্যমে একটি রিল পোস্ট করেন শ্রেষ্ঠা। তিনি লিখেছিলেন, ‘‘আমরা পঞ্জাবি। আমাদের মন অনেক বড়। তাই এক পয়েন্ট দান করে দিলাম।’’ কেকেআরের নাম না করলেও তাঁর ইঙ্গিত যে অজিঙ্ক রাহানের দলই ছিল, তা বুঝতে অসুবিধা হয়নি ক্রিকেটপ্রেমীদের।

এর পর কেকেআর সমর্থকদের একাংশ নিশানা করেন শ্রেষ্ঠাকে। সমাজমাধ্যমে হুমকিও দেওয়া হয় পঞ্জাব কিংস অধিনায়কের বোনকে। কয়েক জন ক্ষুব্ধ সমর্থক তাঁকে মনে করিয়ে দেন, কেকেআর তিন বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্জাব এক বারও জিততে পারেনি। একের পর এক কটাক্ষের পর বিতর্কিত সেই রিলটি মুছে দিয়েছেন শ্রেয়সের বোন।

Advertisement

রিল মুছলেও শ্রেষ্ঠার দাবি, তিনি কোনও ভুল করেননি। তাঁর বক্তব্য, ‘‘মজার ছলে একটা ভিডিয়ো তৈরি করেছিলাম। কাউকে আঘাত করতে চাইনি। কিন্তু অনেকেই সেটা অন্য ভাবে নিয়েছেন। অনেকে কটাক্ষ করেছেন। কেউ কেউ হুমকিও দিয়েছেন। এতটা আশা করিনি। আমি ভিডিয়োটা সরিয়ে নিলাম। ভুল করিনি। তবে আমি আমার দাদা এবং ওর দলকে সম্মান করি। পঞ্জাব কিংসের জন্য নেতিবাচক কিছু চাই না।’’

শ্রেয়সের নৃত্যশিল্পী বোনের আবেদন, খেলা যেন সকলে খেলা হিসাবেই দেখেন। সকলে যাতে সকলকে ঠিক মতো বুঝতে পারেন, সে কথাও বলেছেন শ্রেষ্ঠা। তাঁকে কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, তা প্রকাশ করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement