IPL 2026

টানা পাঁচ হারে প্লেঅফে ওঠা নিয়ে সংশয়, মুম্বইয়ের কাছে হারের পর কাকে দায়ী করছেন, জানালেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স

টানা পাঁচ ম্যাচ হেরে চাপে পঞ্জাব কিংস। আইপিএলের প্লেঅফে জায়গা নিশ্চিত করতে হলে বাকি দু’টি ম্যাচ জিততেই হবে শ্রেয়স আয়ারদের। এই পরিস্থিতিতে দলে আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১২:৪০
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

সাত ম্যাচ অপরাজিত থাকার পর টানা পাঁচ ম্যাচ হার। আইপিএলের প্লেঅফে ওঠা পঞ্জাব কিংসের প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরও অনিশ্চিত হয়ে পড়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পর তা স্বীকার করে নিয়েছেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার।

Advertisement

২০০ রান করেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে পঞ্জাবকে। টানা পাঁচ হারের পর পঞ্জাবের পয়েন্ট ১৩তেই আটকে রয়েছে। স্বাভাবিক ভাবেই হতাশ শ্রেয়স। শেষ চারে জায়গা করে নেওয়ার বিষয়ে দলের ভিতরে কিছুটা আশঙ্কার পরিবেশও তৈরি হয়েছে। এ নিয়ে শ্রেয়স বলেছেন, ‘‘সত্যি বলতে, এই পরিস্থিতি মেনে নেওয়া কঠিন। তবে আমি নির্দিষ্ট কোনও কিছুকে এর জন্য দায়ী করতে চাই না। ক্রিকেট আসলে অনিশ্চয়তার খেলা। তবে আমরা প্রতিটি ম্যাচেই ভাল লড়াই করেছি।’’

পরিস্থিতি কঠিন হয়েছে পঞ্জাবের। প্লেঅফে জায়গা নিশ্চিত করতে হলে লিগ পর্বের বাকি দু’টি ম্যাচ জিততেই হবে পঞ্জাবকে। এ নিয়ে শ্রেয়স বলেছেন, ‘‘আমরা উত্তেজিত। পরের ম্যাচটা আমাদের দুপুরে খেলতে হবে। আমাদের বাকি দু’টি ম্যাচই জিততে হবে। আমরা ভাল কিছু আশা করছি।’’ পঞ্জাবের পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৭ মে ধর্মশালায়। তার পর ২৩ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। শ্রেয়সদের শেষ ম্যাচটি খেলতে হবে লখনউ গিয়ে।

Advertisement

তিলক বর্মাকে কৃতিত্ব দিয়েছেন শ্রেয়স। প্রতিপক্ষ দলে থাকা জাতীয় দলের সতীর্থের ইনিংস নিয়ে পঞ্জাব অধিনায়ক বলেছেন, ‘‘তিলক দুর্দান্ত ইনিংস খেলল। খুব ভাল শট নির্বাচন করেছে। মাঠের আয়তন এবং ফিল্ডিংয়ের ফাঁকগুলো দারুণ ব্যবহার করেছে। ওকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।’’ উল্লেখ্য, বৃহস্পতিবারের ম্যাচে ৩৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন তিলক। ৬টি চার এবং ৬টি ছক্কা মারেন।

দলের পারফরম্যান্স নিয়ে শ্রেয়স বলেছেন, ‘‘একটা সময় মনে হচ্ছিল, ১৭০-১৮০ রান হবে। সেখান থেকে আমরা ২০০ রান তুলেছি। ঠিক সময় রান তোলার গতি বাড়াতে পেরেছিলাম আমরা। ১৬ এবং ১৭তম ওভারে ইনিংসের গতি বদলে যায়। সম্পূর্ণ আজ়মতুল্লা ওমরজ়াইয়ের কৃতিত্ব। দারুণ কয়েকটা ছয় মারল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement