বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
ব্যাট হাতে মাঠে নামলেই রেকর্ড গড়ছে বৈভব সূর্যবংশী। আইপিএলে আরও এক বার দেখা গেল সেই ছবি। আরও এক রেকর্ড গড়ল রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সি ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নেমে অভিষেক শর্মা, বিরাট কোহলিদের নজির ভেঙেছে বৈভব।
আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছে বৈভব। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২১ বলে ৪৬ রান করেছে সে। পাঁচটি চার ও তিনটি ছক্কা মেরেছে বৈভব। এই মরসুমে ১২ ইনিংসে ৪৩টি ছক্কা মেরেছে রাজস্থানের ব্যাটার। এটি রেকর্ড।
আইপিএলে এর আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল অভিষেকের দখলে। ২০২৪ সালে ৪২টি ছক্কা মেরেছিলেন সানরাইজ়ার্স হায়দরাবাদের ওপেনার। দ্বিতীয় স্থানে ছিলেন শ্রেয়স আয়ার। ২০২৫ সালে ৩৯টি ছক্কা মেরেছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক। ২০১৬ সালে কোহলি মেরেছিলেন ৩৮টি ছক্কা। সেই সব রেকর্ড ভেঙে দিয়েছে বৈভব।
তবে সব মিলিয়ে এক মরসুমে সর্বাধিক ছক্কার রেকর্ড রয়েছে ক্রিস গেলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০১২ সালে ৫৯ ছক্কা মেরেছিলেন গেল। সেই রেকর্ড ভাঙতে হলে এখনও ১৭টি ছক্কা মারতে হবে তাকে। যদি রাজস্থান প্লে-অফে ওঠে তা হলে এখনও হাতে অন্তত চারটি ম্যাচ পাবে সে। যে ছন্দে বৈভব রয়েছে তাতে গেলের রেকর্ডও সে ভেঙে ফেলতে পারে। তেমনটা হলে সকলকে ছাপিয়ে যাবে বিহারের ছেলে।
দিল্লি ম্যাচ চলাকালীন বৈভবকে নিয়ে মুখ খুলেছেন দলের কোচ কুমার সঙ্গকারা। তিনি বলেন, “ও খুব জোরে বল মারে। আমাদের ভাল শুরু দেয়। সেটা আমাদের কাজে লাগে।” বৈভবের সবচেয়ে ভাল দিকের কথাও বলেছেন সঙ্গকারা। দলের কোচ বলেন, “আমার মনে হয়, বৈভব খেলাটা উপভোগ করে। ঠিক ১৫ বছরের এক জন ব্যাটারের যে ভাবে মজা করে খেলা উচিত ও সেটাই করে। ও ব্যাট করতে ভালবাসে। নেটে ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করে। ওর এই দিকটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে।”
চলতি আইপিএলে ১২ ম্যাচে ৪৮৬ রান করেছে বৈভব। ৪০.৫০ গড় ও ২৩৪.৭৮ স্ট্রাইক রেটে রান করেছে সে। একটি শতরান ও দু’টি অর্ধশতরান করেছে বৈভব। আইপিএলের কমলা টুপির লড়াইয়ে ছ’নম্বরে রয়েছে রাজস্থানের ব্যাটার।