রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। —ফাইল চিত্র।
কয়েক দিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টপকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। শুক্রবার রাজস্থান রয়্যালসকে হারাতে না পারলেও চেন্নাইয়ের নজির আবার ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলিরা।
রাজস্থানের বিরুদ্ধে ৮ উইকেটে ২০১ রান করেছিল বেঙ্গালুরু। এই নিয়ে আইপিএলে ৩৭ বার ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলল বেঙ্গালুরু। চেন্নাই ছাড়া আইপিএলের আর কোনও দল এত বার ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলতে পারেনি। চেন্নাই ২৫৬টি ম্যাচ খেলে ৩৭ বার এই কৃতিত্ব দেখিয়েছে। বেঙ্গালুরু ৩৭তম ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলল তাদের ২৭৪তম ম্যাচে। অর্থাৎ ১৮টি ম্যাচ বেশি খেলেছেন কোহলিরা। শুক্রবারের ম্যাচের পর যুগ্ম ভাবে শীর্ষে চেন্নাই এবং বেঙ্গালুরু।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পঞ্জাব কিংস। তারা ৩৩ বার ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলেছে। চতুর্থ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা ৩২ বার ২০০ বা তার বেশি রানের ইনিংস খেলেছে আইপিএলে। পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দল আইপিএলে ৩০ বার এমন কৃতিত্ব দেখিয়েছে।
ষষ্ঠ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ (২৮ বার), সপ্তম স্থানে রাজস্থান রয়্যালস (২৭ বার), অষ্টম স্থানে দিল্লি ক্যাপিটালস (২০ বার), নবম স্থানে গুজরাত টাইটান্স (১৮ বার), দশম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস (১৩ বার)।