রুতুরাজ গায়কোয়াড়। —ফাইল চিত্র।
গুজরাত টাইটান্সের কাছে হেরে এ বারের আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। লিগ পর্বের শেষ ম্যাচে ৮৯ রানে হারের অস্বস্তি আরও বাড়িয়েছে চেন্নাইয়ের ক্রিকেটারদের শাস্তি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে জরিমানা করেছেন আইপিএল কর্তৃপক্ষ। শাস্তি এড়াতে পারেননি দলের অন্য ক্রিকেটারেরাও।
মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছেন চেন্নাইয়ের ক্রিকেটারেরা। রুতুরাজকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবারের ম্যাচে প্রতিযোগিতায় দ্বিতীয় বার মন্থর বোলিং করেছে চেন্নাই। তাই ২৪ লাখ টাকা জরিমানা হয়েছে অধিনায়কের।
আইপিএল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘‘গুজরাত টাইটান্স ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শাস্তি পেয়েছেন দলের অন্য ক্রিকেটারেরাও। তাঁদের ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।’’ আরও বলা হয়েছে, ‘‘আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী চলতি মরসুমে চেন্নাই দ্বিতীয় বার এই ধরনের অপরাধ করল। তাই ইমপ্যাক্ট সাব-সহ প্রথম একাদশের বাকি ক্রিকেটারদের ৬ লাখ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এই দুইয়ের মধ্যে যেটির অঙ্ক কম, সেটা জরিমানা দিতে হবে।’’
বৃহস্পতিবার শুভমন গিলের দলের কাছে ৮৯ রানে হেরে গিয়েছে চেন্নাই। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২৯ রান করে গুজরাত। জবাবে ১৩.৪ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় চেন্নাই। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এ বারের আইপিএল শেষ করল পাঁচ বারের চ্যাম্পিয়নেরা।