IPL 2025

একটি ম্যাচও না খেলা ধোনি কি আগামী মরসুমে খেলবেন? মাহির আইপিএল ভবিষ্যৎ নিয়ে অবশেষে মুখ খুললেন চেন্নাই অধিনায়ক

পায়ের পেশির চোটের জন্য আইপিএলের প্রথম দু’সপ্তাহ খেলতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনি। চোট সারার পর অনুশীলন শুরু করলেও তাঁকে একটি ম্যাচেও খেলানো হয়নি। কিছু ম্যাচে এ বার মাঠেও যাননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১০:৪৩
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে জল্পনা বেড়েই চলেছে। বৃহস্পতিবার গুজরাত টাইটান্সের কাছে হারায় চেন্নাই সুপার কিংসের এ বারের আইপিএল শেষ। গোটা মরসুমে একটি ম্যাচেও মাঠে নামেননি ধোনি। তবে কি ভারতের প্রাক্তন অধিনায়কের আইপিএলজীবনও শেষ? আগামী মরসুমে তাঁকে কি হলুদ জার্সিতে দেখা যাবে না? গুজরাত ম্যাচের পর অবশেষে মুখ খুলেছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

Advertisement

ম্যাচের পর চেন্নাইয়ে ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয় রুতুরাজকে। তিনি বলেছেন, ‘‘এই প্রশ্নের উত্তর আপনারা আগামী মরসুমেই পাবেন। আমার কাছেও বিষয়টা আগামী বছরই পরিষ্কার হবে। আমাদের জন্যও ব্যাপারটা খুব কঠিন ছিল। আমরাও ধোনির অভাব অনুভব করেছি। ধোনি এমন একজন ক্রিকেটার, যে খেললে প্রতিপক্ষ দল চাপে থাকে। বিশেষ করে ইনিংসের শেষের ওভারগুলোয়। একাই ম্যাচের রং বদলে দিতে পারেন। ক্রিজ়ে থাকলে খেলার আঙ্গিকই বদলে যায়। মাহি ভাইয়ের অভাব আমরা এ বার খুবই অনুভব করেছি।’’

রুতুরাজ আরও বলেছেন, ‘‘আগামী মরসুমে কী হবে, আমরা সত্যিই জানি না। তবে আমাদের দল নিয়ে আমি খুশি। এ বার দলের সকলে, বিশেষ করে তরুণেরা যে অভিজ্ঞতা অর্জন করল, সেটা খুবই গুরুত্বপূর্ণ।’’ রুতুরাজ বোঝাতে চেয়েছেন, ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে তাঁরাও ক্রিকেটপ্রেমীদের মতো অন্ধকারে।

Advertisement

পায়ের পেশির চোটের জন্য আইপিএলের প্রথম দু’সপ্তাহ খেলতে পারেননি ধোনি। পরে চোট সারিয়ে অনুশীলন শুরু করলেও তাঁকে একটি ম্যাচেও খেলানো হয়নি। কিছু ম্যাচে এ বার মাঠেও যাননি। দলের হোটেলেই ছিলেন ধোনি। যেমন গুজরাত ম্যাচের জন্য অহমদাবাদেও যাননি ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement