Viral Video

পুণ্যভূমি কেদারনাথে গিয়েও সঙ্গী হল মদের বোতল, ধরা পড়তেই অস্বীকার! যুবকদের কীর্তিতে নিন্দার ঝড় নেটপাড়ায়

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো থেকে জানা গেছে, কেদারনাথ ধামে গিয়ে তাঁবুতে বসে মদ্যপান করছিলেন একদল যুবক। তাঁদের হাতেনাতে ধরেন কিছু মানুষ, ভিডিয়োও করেন। ঘটনা দেখে ক্ষুব্ধ নেটপাড়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১১:২১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মনে করা হয়, কেদারনাথ ধাম দেবাদিদেব মহাদেবের স্থান। ভোলানাথের ভক্তদের কাছে এই স্থানের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছরই শিবের কৃপা পাওয়ার আশায় এই স্থানের উদ্দেশে যাত্রা শুরু করেন অগণিত দর্শনার্থী। এ বছরও তার ব্যতিক্রম নয়। শুরু হয়ে গেছে কেদারনাথ ধামে যাত্রা। তবে পবিত্র এই স্থানের মাহাত্ম্যও অনেক সময় নষ্ট করেন কিছু মানুষ। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

‘হিমালয়ানহিন্দু’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিয়ো। ভিডিয়োটিতে দেখা গেছে, কেদারনাথ তীর্থযাত্রীদের জন্য তৈরি করা একটি তাঁবুর ভেতরে একদল পুরুষ বসে রয়েছেন। কেউ কেউ আবার ঘুমিয়েও আছেন। তাঁবুটির চারপাশে খাবারের প্যাকেট, জলের বোতল, ব্যাগ এবং ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। কয়েক জন খাওয়াদাওয়াও করছিলেন।

ভিডিয়ো করা হচ্ছে দেখে কয়েক জন যুবক বেশ অস্বস্তিতে পড়ে যান বলে মনে হয়। ভিডিয়োয় শোনা গেছে, এক ব্যক্তি বলছেন যে ওই পুরুষদের সঙ্গে রয়েছে মদের বোতল। অন্য একটি ফোনে মদের বোতলের ছবিও দেখানো হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

যুবকদের মধ্যে কেউ কেউ পুরো বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। কিন্তু তা ধোপে টেকে না। অপর দিকে থাকা ব্যক্তিরা স্পষ্ট জানিয়ে দেন যে কেদারের মতো পুণ্যভূমিতে এমন অনাচার চলবে না। ওই তরুণদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা-ও ভিডিয়ো থেকে জানা যায়নি। কেদারনাথ মন্দিরের কাছে ধারণ করা একটি বিতর্কিত ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা পবিত্র চার ধাম যাত্রার সময় কিছু তীর্থযাত্রীর আচরণ নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। প্রায় ১০০০ বার শেয়ারও হয়েছে। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “তীর্থস্থানগুলির আশেপাশে কঠোর যাচাই-বাছাই ও নজরদারি হওয়া উচিত।” আর এক জনের কটাক্ষ, “কেদারনাথ কোনও পার্টি করার জায়গা নয়।” কেদারে যাওয়া অন্যান্য ধর্মপ্রাণ ব্যক্তির জন্য উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement