Viral Video

‘যেন শিশুদের স্বর্গরাজ্য’! ভারতসফরের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ভিন্‌দেশি দম্পতি, ভিডিয়ো দেখে আপ্লুত নেটপাড়া

সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ব্রিটিশ দম্পতির ভারতসফরের অভিজ্ঞতার একটি ভিডিয়ো আলোড়ন তুলেছে নেটপাড়ায়। দুই মাসের শিশু-সহ ভ্রমণে আসা ওই দম্পতি ভারতীয় রেলের প্রশংসা করেছেন। সেই সঙ্গে ভারতের আতিথ্যেরও সুখ্যাতি করেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৯:৩৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অতিথিপরায়ণ দেশ হিসাবে ভারতের সুনাম রয়েছে। সে কারণেই বার বার নানা দেশের মানুষজন বেড়াতে আসেন এই দেশে। সম্প্রতি সমাজমাধ্যমের একটি ভিডিয়োয় নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন এক ভিন্‌দেশি দম্পতি। শিশুপুত্রকে নিয়ে ভারতসফরে এসেছিলেন তাঁরা। ভিডিয়োয় ভারতে বেড়ানোর গল্প ভাগ করে নিয়েছেন ওই দম্পতি। যদিও সেই ভিডিয়ো সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘হ্যাজ়োলডটলিন্ডসে’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে এক ব্রিটিশ দম্পতি এবং তাঁদের পুত্রসন্তানকে। ভিডিয়ো থেকে জানা গিয়েছে শিশুটির বয়স মাত্র দু’মাস। নিজেদের ‘ভ্রাম্যমাণ দম্পতি’ বলে উল্লেখ করেছেন ওই জুটি।

তাঁরা জানিয়েছেন যে এর আগেও তাঁরা ট্রেনে চড়ে ঘুরে বেড়িয়েছেন। ভারতের এক শহর থেকে আর এক শহরে যাওয়ার জন্য রেলব্যবস্থা খুব সুবিধাজনক বলে মনে করেন তাঁরা। তাঁদের কথায়, বেশির ভাগ ক্ষেত্রেই ট্রেনগুলি সময়মতো চলে এবং অ্যাপ ব্যবহার করে সহজেই টিকিট বুক করা যায়। চলমান সিঁড়ি এবং কুলি থাকার কারণে পাহাড়সমান জিনিসপত্র নিয়েও তেমন কিছুই সমস্যায় পড়েননি বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement

পাশাপাশি তাঁরা এ-ও জানিয়েছেন যে, শিশুসন্তানকে নিয়েও কোনও রকম সমস্যায় পড়তে হয়নি তাঁদের। ভারতের কোলাহল ও চারপাশের মানুষের ব্যস্ততা সে খুবই উপভোগ করেছে এবং তার ঘুমেরও কোনও ব্যাঘাত ঘটেনি। সকলেই তাকে দেখে আলাপ জমিয়ে আদর করতে চেয়েছে। তাঁদের কথায়, এতে তাঁরা কোনও সমস্যা দেখেননি, কিন্তু ভারতে আসা অন্যান্য অভিভাবকদের এই বিষয়ে মানসিক ভাবে প্রস্তুত থাকা উচিত। ভারতের আতিথ্যতেও মুগ্ধ হয়েছেন তাঁরা। রেস্তরাঁয় গেলে প্রায়ই তাঁদের সন্তানের জন্য খুব মিষ্টি-মিষ্টি দোলনা নিয়ে আসা হত বলেও জানিয়েছেন ওই বিদেশি দম্পতি।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতের আতিথেয়তা আবারও আলোচনায় উঠে এসেছে। প্রায় ১০ হাজার ভালবাসার চিহ্ন আঁকা হয়েছে ভিডিয়োটিতে। অজস্র মানুষ মন্তব্যও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “একটি শিশুকে বড় করতে একটি গ্রামের প্রয়োজন হয় এবং ভারতই সেই গ্রাম।” রেস্তরাঁয় শিশুর জন্য দোলনার ব্যবস্থা করারও প্রশংসা করেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement