ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জন্মদিন বা বিশেষ কোনও উপলক্ষে কোনও রেস্তরাঁয় খাওয়াদাওয়া সারতে গেলে অনেকেই একটি কেক নিয়ে যান। এর পর সেই কেক কেটে সকলের মধ্যে ভাগ করে দেওয়ারও অনুরোধ করে থাকেন কর্মীদের। এর জন্য বেশির ভাগ ক্ষেত্রেই আলাদা করে কোনও টাকা নেওয়া হয় না রেস্তরাঁর তরফে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনায় চোখ কপালে উঠেছে নেটপাড়ার।
ইনস্টাগ্রামে ‘জাস্টইনলাভসুশি’ নামে অ্যাকাউন্ট থেকে ভাগ করে নেওয়া হয়েছে একটি ভিডিয়ো। সেখানে এক তরুণী দাবি করেছেন, লস অ্যাঞ্জেলেসের একটি বিলাসবহুল রুফটপ রেস্তরাঁয় কেক কাটার দাম হিসাবে তাঁর কাছ থেকে ১১০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১০,৬০০ টাকা) নেওয়া হয়েছিল। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়ো থেকে জানা যায়, একটি বিশেষ উপলক্ষ উদ্যাপনের জন্য কেক নিয়ে গিয়েছিলেন ওই তরুণী। রেস্তরাঁর কর্মীদের সেটি কেটে উপস্থিত সবাইকে পরিবেশন করতে অনুরোধ জানান। তার পর বিল এলে দেখেন সেই কাজের জন্য রসিদে যোগ করা হয়েছে ‘সার্ভিস চার্জ’। ভিডিয়োয় রসিদটি দেখিয়েওছেন তিনি। ঘটনাটি জানার পর তা সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিতর্কের জন্ম দেয়।
এক নেটাগরিক লিখেছেন, “আগে থেকে না জানিয়ে যদি কোনও খরচ রসিদে যোগ করা হয়, তবে তা দেওয়ার প্রশ্নই ওঠে না। বাড়তি টাকা দিতে আমার কখনওই আপত্তি নেই, তবে শর্ত হল আমাকে তা আগে জানাতে হবে।” আর এক সমাজমাধ্যম ব্যবহারকারীর কথায়, “এশিয়ার দেশগুলিতে অনেক সময়ই দেখা যায় রেস্তরাঁর তরফেই একটি ছোট্ট কেকের ব্যবস্থা করা হয়, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। ফিলিপাইনে তো শুভেচ্ছা জানিয়ে গানও গেয়ে শোনানো হয়, এমনকি নাচও পরিবেশন করা হয়। সেটিও বিনামূল্যেই। কেউ খুশি হয়ে বখশিশ দেবেন কি না, সেটি সম্পূর্ণ তাঁর ইচ্ছা।”