Kolkata Municipal Corporation and Abhishek Banerjee

কলকাতা পুরসভার নোটিস ঘিরে নয়া বিতর্ক! হরিশ মুখার্জি রোডে অভিষেকের সম্পত্তির চুক্তিপত্র এবং লেনদেন সংক্রান্ত নথি তলব

পুরসভার নথি অনুযায়ী, সংশ্লিষ্ট প্রাঙ্গণটি প্রথমে মেসার্স অনিমেষ ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেডের নামে ক্রয় করা হয়েছিল, যা পরবর্তী কালে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস্‌ ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড’ নামে পরিচিত হয়।

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৬:০৯
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের সেই বাড়ি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক বাসভবনকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক দানা বাঁধল। কলকাতা পুরসভার অ্যাসিসর-কালেক্টর (দক্ষিণ) দফতরের তরফে ১৮৮এ, হরিশ মুখার্জি রোডের সম্পত্তি সংক্রান্ত এক নোটিস জারি করার পরেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

পুরসভার নথি অনুযায়ী, সংশ্লিষ্ট প্রাঙ্গণটি প্রথমে মেসার্স অনিমেষ ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেডের নামে ক্রয় করা হয়েছিল, যা পরবর্তী কালে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস্‌ ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড’ নামে পরিচিত হয়। অভিযোগ, পুরনো কাঠামো ভেঙে সেখানে নতুন ভবন ‘শান্তিনিকেতন’ নির্মাণ করা হলেও সম্পত্তিটির কর নির্ধারণ ‘মালিক-অধিকৃত’ হিসাবে করা হয়েছে। অর্থাৎ, এই বাড়ির কর বর্তমানে দিচ্ছে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস্‌ ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড’। সেখানে থাকছে অভিষেকের পরিবার।

তবে পুরসভার দাবি, অনুসন্ধানে জানা গিয়েছে যে সম্পত্তিটি প্রকৃত নথিভুক্ত মালিক সংস্থা ব্যবহার করছে না, বরং অন্য ব্যক্তিরা সেখানে বসবাস করছেন। সেই কারণেই সম্পত্তির পুনর্মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট পক্ষের মধ্যে হওয়া চুক্তিপত্র, লেনদেন সংক্রান্ত নথি এবং দখল সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

Advertisement

অ্যাসিসর-কালেক্টর (দক্ষিণ) অরূপ মণ্ডল স্বাক্ষরিত মঙ্গলবার ১৯ মের ওই নোটিস জানানো হয়েছে, চিঠি ইস্যুর সাত দিনের মধ্যে সমস্ত প্রাসঙ্গিক নথি জমা দিতে হবে। নোটিসটি পাঠানো হয়েছে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস্‌ ইনফ্রা কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টরের উদ্দেশে।

ঘটনাচক্রে, দক্ষিণ কলকাতার ওই ঠিকানাতেই বসবাস করে অভিষেকের পরিবার। ফলে এই নোটিস প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। শাসক শিবিরের অভিযোগ, সম্পত্তি কর নির্ধারণে অনিয়ম এবং প্রকৃত ব্যবহার গোপন করার বিষয়টি প্রকাশ্যে এসেছে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

পুর প্রশাসনের একাংশের মতে, কলকাতা পুরসভা বর্তমানে বিভিন্ন সম্পত্তির কর নির্ধারণ এবং ব্যবহার সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই এই নোটিস পাঠানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement